ফেলে আসা সোনালি দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাতে ছাত্রাবাস থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যান মোহাম্মদ আলমগীর। সিনেমা হল থেকে ফিরে দেখেন, কক্ষে তালা দেওয়া। খাবারের কক্ষেরও একই অবস্থা। পেটে খিদে নিয়ে হোস্টেলের ছাদে রাত যাপন। রাতে খাবার না জুটলেও পরদিন সকালে ঠিকই শিক্ষকের বকুনি কপালে জোটে। বহু বছর পর আবার স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৮ সালে এসএসসি পাস করেন তিনি। গতকাল শনিবার স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে এসে ফিরে যান ফেলে আসা সেই সব সোনালি দিনে।
আলমগীরের মতো হাজারো প্রাক্তন শিক্ষার্থী গতকাল দিনভর মেতেছিলেন উচ্ছ্বাস আর আনন্দে। স্মৃতির ভেলায় ভেসেছিলেন দিনভর। পুরোনো বন্ধুদের পেয়ে আড্ডায় আর গল্পগুজবে মেতে ওঠেন সবাই। বন্ধুদের বর্তমানের হাল-হকিকত ও পরিবার-পরিজনদের খোঁজখবর নেন। তাঁদের উৎসবকে পূর্ণতা দেয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি। বিশ্ববরেণ্য এ অর্থনীতিবিদকে কাছে পেয়ে সেলফি আর ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে। তাঁদের মুঠোফোন আর ক্যামেরার ফ্রেমে বন্দী হতে থাকে উৎসবমুখর মুহূর্তগুলো।
গতকাল বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটসের পতাকাও উত্তোলন করা হয়। ড. ইউনূসের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যের শুরুতেই ড. ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সবার কাছে জানতে চান ‘অনারা ব্যাগ্গুন ভালা আছননি?’ উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরাও ‘ভালা আছি’ বলে সাড়া দেন। এরপর তিনি বলেন, ‘পুরানো হালর কথা মনত পড়ের। আজুয়া ব্যায়াক কথা মনত পড়িবু (পুরোনো দিনের কথা মনে পড়ছে। আজ সব কথা মনে পড়বে)।’
উদ্বোধনী বক্তব্যে কলেজিয়েট স্কুলে ভর্তি হওয়া এবং নগরের বকশির হাটের বাসা থেকে স্কুলে আসা-যাওয়ার গল্প শোনান ১৯৫৫ সালে এই স্কুল থেকে পাস করা মুহাম্মদ ইউনূস। রসিকতা করে তিনি বলেন, ‘স্কুলের খাতায় যে নাম, সে নামে কাউকে ডাকতাম না। ডাকার জন্য কত রকমের ডাকনাম সৃষ্টি করতাম। বন্ধুদের জন্য একধরনের নাম, স্যারদের জন্য আরেক ধরনের নাম। কারও নাম দিয়েছিলাম কবিরাজ, কাউকে ডাকতাম দেড় ব্যাটারি। এখনো দেখা হলে পরস্পরকে আমরা ডাকনামেই ডাকি। আমরা এখন সৃজনশীলতার কথা বলি। তখন ছিল সৃজনশীলতার মহাযুগ।’
ঐতিহ্যবাহী এ স্কুল থেকে ১৯৪০ সালে রেজ্জাকুল হায়দার চৌধুরী, ১৯৪৮ সালে মো. ইব্রাহিম খান, ১৯৫২ সালে তাহের সোবহান ও ১৯৫৩ সালে আবুল মনসুর এসএসসি পাস করেছিলেন। বয়সের বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের আগেই উৎসবস্থলে ছুটে আসেন এই চার প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের কাছে পেয়ে সেলফি আর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অন্যরা। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারের পেকুয়া থেকে নাতিকে নিয়ে এসেছেন রেজ্জাকুল হায়দার চৌধুরী। পুরোনো দিনের স্মৃতিচারণা করে বলেন, ‘আমাদের সময় ছেলেরা শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল। অবশ্য আমরা কয়েকজন বন্ধু ফুটবল খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। একজন বন্ধুও আসল না। হয়তো তাঁরা কেউ আর বেঁচে নাই।’
কলেজিয়েট স্কুলেই জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো কেটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম তারেকের। তাঁরা বলেন, এত বড় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলাম এটাই গর্বের বিষয়। অতীতের মতো এখনো মেধা আর দেশপ্রেমে এ স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে আছে।