ফেলে দেওয়া শিশুটির সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় ফেলে দেওয়া দেড় বছর বয়সী শিশু ফাতেমা খাতুনের সন্ধান গতকাল সোমবার পর্যন্ত পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে।
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের শুকনাগাড়ী গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (২৫) তাঁর মেয়ে ফাতেমা খাতুনকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের সড়কের পাশের ফেলে যান। এ ঘটনায় ফারুকের বাবা আবদুল ফকির শনিবার কাহালু থানায় মামলা করেন। এরপর ফারুককে পুলিশ গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, ফারুককে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। মেয়েটির খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন থানায় বেতারবার্তা (ওয়্যারলেস) পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শুখানগাড়ি গ্রামে গেলে শিশুটির দাদা আবদুল ফকির বলেন, ‘নাতনি হবার পর থেকে ওর বাপ-মায়ের কাছে থাকেনি।
গত বৃহস্পতিবার সকালে ওর বাবা কাউকে না কয়ে কাপড়-চোপড় পরে বেড়ানোর নাম করে ওকে বাড়িত থেকে নিয়ে গেছে। দুপুর গড়ার পর না আসায় গ্রামের লোক দিয়ে মোবাইল করি। সে আসি আসি করে ওই দিন রাতেও বাড়ি আসেনি। পরের দিন শুক্রবার দুপুরে বাড়িতে ফেরে ফারুক। সঙ্গে মেয়েটা না থাকায় গ্রামের লোকজন ও মেম্বার জিজ্ঞাসা করলে ফারুক একেক সময় একেক কথা বলে। রাতে গ্রামে দরবার বসাইয়ে মাতবররা ফারুককে মারধর করলে সে জানায়, বগুড়ার চারমাথা থেকে বাসে করে বঙ্গবন্ধু সেতুর কাছে নিয়ে যায় ফাতেমাকে। রাস্তার পূর্ব পাশে মেয়েটার দুই পা দড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। তারপর অপর পাড়ে চলে এসে ফারুক আত্মগোপন করে। মেয়ের কান্নায় সে আবার রাস্তা পার হওয়ার চেষ্টা করলে যানবাহনের চাপে যেতে পারেনি। একসময় ঢাকাগামী একটি বাস থেমে ওই মেয়েকে নিয়ে যায়।