
পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার পেঁয়াজের হাটগুলোর বাতাস ভারী হয়ে আছে ফেলে দেওয়া পেঁয়াজের দুর্গন্ধে। নতুন পেঁয়াজ হাটে এনে বিক্রি করতে না পারায় অনেক কৃষকই সেগুলো হাটেই ফেলে দিয়ে যাচ্ছেন। আর সেসবই পচে-গলে সৃষ্টি করছে এমন দুর্গন্ধের।
কৃষকেরা জানান, সপ্তাহখানেক হলো নতুন পেঁয়াজ জমি থেকে তোলা শুরু হয়েছে। কিন্তু সেই পেঁয়াজের মান ও ফলন দুই-ই খারাপ। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমি থেকে পেঁয়াজ তুলে ঘরে আনার পর দ্রুত সেগুলোতে পচন ধরছে। এ অবস্থায় কৃষকেরা সদ্য তোলা পেঁয়াজ নিয়ে হাটে ছুটলেও তা বিক্রি করতে পারছেন না। কেউ কেউ খুব কম দামে বিক্রি করছেন, কেউ আবার কম দামেও বিক্রি করতে না পেরে হাটেই পেঁয়াজ ফেলে দিয়ে আসছেন।
১০ থেকে ১২ জন পেঁয়াজচাষি জানান, পেঁয়াজের ফলনে এমন বিপর্যয় আগে কখনো দেখা যায়নি। গত ১৮ মার্চ সাঁথিয়া ও বেড়া উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুই উপজেলার বেশির ভাগ পেঁয়াজখেতের ব্যাপক ক্ষতি হয়। সপ্তাহখানেক হলো কৃষকেরা খেতের পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছেন। কিন্তু পেঁয়াজ তুলে স্তম্ভিত হয়ে পড়ছেন তাঁরা। শিলাবৃষ্টির প্রভাবে বেশির ভাগ জমিতে ফলন হয়েছে অর্ধেকের কম। এর ওপর যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তা একেবারেই নিম্নমানের। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ওই পেঁয়াজ ঘরে আনার পরপরই তাতে পচন ধরছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। এবার এ উপজেলায় ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির পেঁয়াজ শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বেড়া উপজেলায় এবার ২ হাজার ৫৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৪৬৪ হেক্টর জমির পেঁয়াজ।
গত শনি ও রোববার উত্তরাঞ্চলের প্রধান দুটি পেঁয়াজের হাট বেড়ার করমজা ও সাঁথিয়ার কাশীনাথপুর হাটে গিয়ে দেখা যায়, কৃষকেরা বিপুল পরিমাণ নতুন পেঁয়াজ হাটে নিয়ে এসেছেন। হাটজুড়ে ফেলে দেওয়া পেঁয়াজের ছড়াছড়ি। এসব পেঁয়াজ পচে যাওয়ায় হাটের বাতাস দুর্গন্ধে ভারী হয়ে রয়েছে। ফেলে দেওয়া পেঁয়াজের স্তূপ থেকে অনেককেই পেঁয়াজ কুড়াতে দেখা যায়।
সাঁথিয়া উপজেলার বায়া গ্রামের তায়জুল ইসলাম দুই বস্তা পেঁয়াজ নিয়ে হাটে বিক্রির জন্য বসে ছিলেন। তিনি বলেন, ‘তিন ঘণ্টা ধইরা পেঁয়াজ নিয়্যা বইস্যা আছি। এ পর্যন্ত একজনও দাম কয় নাই। এ অবস্থায় বস্তার পেঁয়াজ পচতে শুরু করায় মাগনা নেওয়ার মতো মানুষও নাই। তাই হাটেই সব পেঁয়াজ ফালায়া দিয়্যা যাব।’ হাটের এক জায়গায় দেখা যায়, পেঁয়াজের স্তূপ থেকে মকরম আলী নামের এক ব্যবসায়ী পেঁয়াজ বাছাই করছেন। তিনি জানান, ওই স্তূপে ছয় মণ পেঁয়াজ রয়েছে এবং তিনি তা কিনেছেন মাত্র ১০০ টাকায়। তিনি জানান, বেড়া উপজেলার চাকলা গ্রামের এক পেঁয়াজচাষি ছয় মণ পেঁয়াজ এনে ক্রেতার অভাবে বিক্রি করতে পারছিলেন না। শেষে ওই পেঁয়াজচাষির অনুরোধে পেঁয়াজগুলো হাটে আনার পরিবহন খরচ বাবদ ১০০ টাকা দিয়ে সব পেঁয়াজ কিনে নিয়েছেন। এর মধ্যে প্রচুর পচা পেঁয়াজ রয়েছে। এ জন্য তিনি স্তূপ থেকে ভালো পেঁয়াজ বেছে নিচ্ছেন।
হাটের পেঁয়াজের আড়তদার আবদুল মুন্নাফ জানান, বাজারে ভালো পেঁয়াজ ৬০০ থেকে ৭০০ টাকা মণ বিক্রি হচ্ছে। এ ধরনের সব পেঁয়াজই পুরোনো। তবে নতুন পেঁয়াজ কিছুটা ভালো হলে তা মানভেদে ১০০ থেকে ৩০০ টাকা মণ বিক্রি হচ্ছে। এ অবস্থায় অনেক কৃষকই হাট থেকে কেঁদে বাড়ি ফিরছেন।
বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের পেঁয়াজের খেতে গিয়ে দেখা যায়, শ্রমিক নিয়ে পেঁয়াজ তুলছিলেন চাষি জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘গতবার বিঘায় ৬০ মণ ফলন পাইছি। আর এবার ফলন হইছে ২০ মণের কম। জমি থেকে প্রতি বিঘার পেঁয়াজ তোলার কামলা খরচই ২ হাজার ২০০ টাকার বেশি। এ অবস্থায় পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ চাষ কইরা আমার এক লাখ টাকার বেশি লোকসান হবি।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন প্রামাণিক দাবি করেন, শিলাবৃষ্টির কারণে সাঁথিয়ায় ১০ ভাগ ফলন কম হতে পারে। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমির পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যাবে না।