ফেলে যাওয়া মুঠোফোন দিয়ে ডাকাত শনাক্ত
পিরোজপুর পৌরশহরের মুক্তারকাঠি মহল্লার এক বাড়িতে ডাকাতির সময় ভুলে ফেলে যাওয়া একটি মুঠোফোন থেকে সেলিম হাওলাদার (২২) নামের এক ডাকাতকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। সেলিমের বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামে।
গতকাল শনিবার দুপুরে পিরোজপুর সদর থানায় সংবাদ সম্মেলন করেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে পিরোজপুর পৌর শহরের মুক্তারকাঠি মহল্লার আবদুল জব্বার গাজীর বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে ১০-১২ জন ডাকাত। এরপর পরিবারের সদস্যদের দড়ি দিয়ে বেঁধে ঘরে রাখা ৯ ভরি স্বর্ণালংকার, ২ লাখ ৬০ হাজার টাকাসহ ৬ লাখ ১৬ হাজার ৯০০ টাকার মালামাল লুট করে। ডাকাতি শেষে ডাকাতেরা পালানোর সময় একটি মুঠোফোন ফেলে যায়। এ ঘটনায় আবদুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ডাকাতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেলিম হাওলাদারকে শনাক্ত এবং গ্রেপ্তার করে। এ সময় সেলিমের কাছ থেকে লুট হওয়া একটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের নাক ফুল ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সেলিম পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।