ফেসবুক অ্যাকটিভিস্টসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে দুটি পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছেন তরুণেরা।
‘গ্লোবাল সলিডারিটি উইথ গাজা’ ব্যানার নিয়ে গতকাল বিকেলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে এক সংহতি সমাবেশে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রভৃতি সংগঠন। সমাবেশে সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এ সময় ইমরান এইচ সরকার বলেন, কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র যে মানবিক হতে পারে না, তার উদাহরণ ইসরায়েল। ফিলিস্তিনে আজ যে মানবিক বিপর্যয়, তাতে সারা বিশ্বের সব ধর্মের মানুষ তাদের পক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইয়াসির আরাফাতের নেতৃত্বে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ-আন্দোলন গড়ে উঠেছিল, তাকে নস্যাৎ করতেই ইসরায়েলের এই হামলা। এ হামলা গণমানুষের বিপক্ষে। নিজেরাই হামাস সৃষ্টি করে তাদের নিধনের নামে সাধারণ মানুষকে হত্যা করছে।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, ব্লগার আরিফ জেবতিক, সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে ইসরায়েলের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ফেসবুক অ্যাকটিভিস্টরা। পরে ‘মার্চ ফর গাজা’ ব্যানার নিয়ে তাঁরা প্রেসক্লাবে গিয়ে কর্মসূচি শেষ করেন। ‘মার্চ ফর গাজা’ ইভেন্ট খুলে তাঁরা ফেসবুকে সবাই একত্র হন। আয়োজকেরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তাঁরা ফিলিস্তিনের স্বাধীনতা ও হামলার যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন।