ফেসবুক আইডি হ্যাকিংয়ের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডি হ্যাকিংয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) সাইবার অপরাধ প্রতিরোধ দল। গ্রেপ্তার করা ব্যক্তির নাম মো. জাহিদ হাসান।
সাইবার অপরাধ দলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার অভিযানটি পরিচালিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে গতকাল শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জাহিদের কাছ থেকে একটি মুঠোফোন, তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বিভিন্ন হ্যাক করা আইডির ছবি, হ্যাক করার ওয়েবসাইট ও বিভিন্ন ফেসবুক আইডি মেসেজ চ্যাটিং নমুনা উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে প্রায় দুই শ ফেসবুক আইডি ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডও জব্দ করা হয়। জাহিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা করেছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই বছর ধরে জাহিদ ফেসবুক আইডি হ্যাক করে আসছেন। ফেসবুকের ইনবক্সের মাধ্যমে যারা বিকাশে টাকা দিত, তাদের ফেসবুক আইডি ফেরত দিয়ে তিনি অবৈধভাবে লাভবান হতেন।