ফেসবুক ও মুঠোফোনে বন্ধুত্ব, অতঃপর...
ব্যবসায়ীসহ সচ্ছল ব্যক্তিদের মুঠোফোন নম্বর সংগ্রহ করেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও যোগাযোগ করেন। চক্রের নারী সদস্য নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে বন্ধুত্ব গড়ে তোলেন। কিছুদিন পর বাসায় আমন্ত্রণ জানান। বাসায় এলেই নারী সদস্য ওই তরুণীর সঙ্গে জোর করে অশ্লীল ছবি তোলা হয়। এই ছবি ভুক্তভোগীর পরিবার এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। এক নারীসহ চক্রের দুই সদস্যকে আটকের পর এসব তথ্য জানতে পারে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার ভোররাতে নগরের চান্দগাঁও থানার আবাসিক এলাকার একটি বাসা থেকে সুমি আক্তার ও তার কথিত স্বামী মো. ফয়সালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় বাসা থেকে এক তরুণ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক তরুণ ব্যবসায়ী গত সোমবার সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকায় ওই তরুণীর বাসায় যান। এরপর ব্যবসায়ীর সঙ্গে জোর করে তরুণীর অশ্লীল ছবি তোলা হয়। পরে তাঁকে আটকে পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দেওয়া হলেও ব্যবসায়ীকে ছাড়েননি তাঁরা। বিষয়টি জানতে পেরে পুলিশ বাসায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশকে জানিয়েছেন, তাঁদের স্থায়ী কোনো পেশা নেই। তাঁরা প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করে থাকেন। তাঁদের দলে ছয় থেকে সাতজন সদস্য রয়েছে। কিছুদিন পর পর স্থান পরিবর্তন করেন। এ পর্যন্ত তাঁরা একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য ফেসবুক বা মুঠোফোনে কারও সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হলেও যাচাই-বাছাই ছাড়া কারও বাসায় একা না যাওয়ার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।