ফেসবুক কম ব্যবহারের পরামর্শ
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ফেসবুক কম ব্যবহার করতে ছাত্রীদের উপদেশ দিয়েছেন। তিনি বলেন, ‘ইন্টারনেটে অনেক কুকীর্তি আছে। সেদিকে না গিয়ে ইন্টারনেটকে পড়াশোনার কাজে লাগাতে হবে।’
গতকাল রোববার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উপদেশ দেন। মন্ত্রী ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘যেদিন চলে যাচ্ছে তা আর ফিরে পাবে না। এ বয়সে প্রেম করে সময় নষ্ট কোরো না। অসময়ের প্রেম মেধাকে বিলোপ করে দেয়।’
এ সময় মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার মেয়র থাকাকালে মহিলা কলেজ প্রতিষ্ঠার তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। ওই সময়ে যাঁদের চেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়, মন্ত্রী তাঁদের অবদানকে স্মরণ করেন। শেষে মন্ত্রী নিজেকে সংস্কৃতিমনা মানুষ হিসেবে উল্লেখ করে একটি দেশাত্মবোধক গানের অংশবিশেষ গেয়ে শোনান।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ প্রমুখ।