ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

তেলাপোকা
বাংলা ক্লাস চলছিল। মিস আমাদের ক্লাসে রচনা মুখস্থ করতে দিয়েছিলেন। এমন সময় ক্লাসের শেষ বেঞ্চ থেকে নীতু চিত্কার করে উঠল, ‘তেলাপোকা! বাবা রে, মরে যাবওও!’ মিস বিরক্ত হয়ে বললেন, ‘তোমরা আজকালকার ছেলেমেয়েরা যে কী ভিতু হয়েছ না! সামান্য তেলাপোকা দেখে এত ভয় পেয়ে চেঁচানোর কী হলো! পড়ায় মনোযোগ দাও।’ আমরা পড়ায় মনোযোগী হতেই আবার চেঁচানোর শব্দ পেলাম। পুরো ক্লাস নীতুর দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আবিষ্কার করল, এবার মিস নিজেই চেঁচাচ্ছেন, ‘বাবা রে! তেলাপোকাআআআ!’
তানভীর হোসেন

আঁকা: শিখা
আঁকা: শিখা

লাল কার্ড খাওয়া
২০১০ সালের কথা। তখন সবে ফুটবল বুঝতে শিখেছি। লাল কার্ড, হলুদ কার্ড সম্পর্কে তখনো ধারণা নেই। সবার দেখাদেখি আমার প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় কাকা। সেবার এক ম্যাচে কাকা লাল কার্ড খেল। আমার পরিচিত এক আর্জেন্টিনার সমর্থক এসে খবরটা দিল আমাকে, ‘জানিস, কাকা লাল কার্ড খাইছে!’ আমি ব্যাপারটা উড়িয়ে দিয়ে বললাম, ‘বানায় বানায় বইল না তো। কাকা লাল কার্ড খাইতে যাবে ক্যান? ওরা হলো ধনী মানুষ, ওদের খাবারের অভাব আছে নাকি!’
সুলতান
হূদয়বিদারক কান্না
শপিং মলের সিঁড়িতে বসে বেশ সুশ্রী এক তরুণীকে কাঁদতে দেখলাম। আবছাভাবে দেখতে পেলাম, তাঁর মুঠোফোনের ইনবক্সে কী একটা খুদে বার্তা দেখে সে আরও কান্নায় ভেঙে পড়ল। ভাবলাম, নিশ্চয় রিলেশন ব্রেকআপ সমস্যা। মায়া হলো খুব। তাকে সান্ত্বনা দিতে গেলাম। বললাম, ‘দেখো, একটা সম্পর্ক ব্যর্থ হয়ে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। সামনে তোমার সুন্দর একটা ভবিষ্যত্ পড়ে আছে। সেটা নিয়ে ভাবো!’ সে কান্না থামিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ‘ কীসের সম্পর্ক? কোচিংয়ের সাপ্তাহিক পরীক্ষায় সব সময় পাঁচের ভেতর থাকি, আর এইবার ১১তম হয়েছি। মোবাইলে সেই রেজাল্ট দেখে কাঁদছি। আব্বু আম্মু দেখলে যে কী বলবে!’ বলতে বলতে মেয়েটি আবারও কাঁদতে শুরু করল। আমি লজ্জা পেয়ে হাঁটা ধরলাম।

শাদমান জাহিন