ফেসবুক কর্নার

ফেলুদা
মাকে একবার খুব গর্ব করে বললাম, ‘জানো মা, বন্ধুরা আমাকে কী নামে ডাকে?’ মা আগ্রহ নিয়ে জানতে চাইলেন, ‘কী নামে বাবা?’ বুক ফুলিয়ে জবাব দিলাম, ‘ফেলুদা বলে ডাকে।’ মা আহ্লাদ করে বললেন, ‘তাই? এই নামে ডাকে কেন? তুমি বড় হয়ে বুঝি গোয়েন্দা হতে চাও?’ কাঁচুমাচু হয়ে জবাব দিলাম আমি, ‘না মা। পরীক্ষায় সব সময় ফেল করি কিনা…।’
মোহাম্মদ রাকিব
উপকার
ফেসবুকিং করছিলাম। একটা দরকারি গ্রুপে দেখলাম এক লোক পোস্ট দিয়েছেন, ‘তমুক সিমে কত টাকা আছে দেখে কীভাবে?’ পোস্টটা দেখে খানিকটা বিরক্তই হলাম। তাই তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য কমেন্টে টাকা দেখার কোড না লিখে বিশ এমবি নেট প্যাকেজ কেনার কোড লিখে দিলাম। খানিকক্ষণ পর সেই ব্যক্তি আবার কমেন্ট করলেন, ‘ধন্যবাদ ভাই। আমি বিশ এমবি কেনার জন্যই টাকা দেখতে চাইছিলাম। যাক, বিশ এমবিও কেনা হলো আর সেই সঙ্গে কত টাকা আছে ওটাও দেখা হলো।’
রেজোয়ান অয়ন

সাহসী বন্ধু
আমাদের স্কুলে নতুন শারীরিক শিক্ষার শিক্ষক এসেছেন। ক্লাসে প্রথম দিন এসেই ছাত্রদের হুংকার দিয়ে বললেন, ‘স্কুলের নিয়ম ভেঙে যারা মোবাইল ফোন এনেছ, তারা দাঁড়াও।’ সবাই চুপ। আমার এক বন্ধু একটু পরেই দাঁড়িয়ে গেল। স্যার ওর দিকে তাকিয়ে হাসতে লাগলেন। আসন্ন মুঠোফোন আটকানোর আনন্দে তিনি আটখানা। স্যার এগিয়ে যেতেই বন্ধুটি নির্বিকার চিত্তে চেঁচিয়ে বলল, ‘স্যার, একটু ওয়াশরুমে যাই?’
মারুফ আহমেদ
পত্র
একদিন বাংলা ক্লাসে ম্যাডাম সবাইকে চিঠি লিখতে দিলেন। আমাকে বললেন, ‘প্রীতি, সবার লেখা শেষ হলে খাতাগুলো একসঙ্গে করে আমাকে দিবে।’ আমি লেখা শুরু করলাম, ‘প্রিয় ক, পত্রের শুরুতেই প্রীতি ও শুভেচ্ছা নিয়ো…।’ আমার পাশে বসা মুমু নামের মেয়েটি আমার খাতা দেখে লিখে যাচ্ছিল। কিছুক্ষণ পর খাতা তুলতে গিয়ে দেখি মুমু লিখে রেখেছে, ‘প্রিয় ক, শুরুতেই মুমু ও শুভেচ্ছা নিয়ো...!’
আফসানা প্রীতি