ফেসবুক খুললেও বন্ধ অন্য যোগাযোগমাধ্যম
‘জননিরাপত্তার জন্য হুমকির মাত্রা কমে আসা’ এবং ফেসবুকের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দিয়েছে সরকার। পাশাপাশি তরুণ সমাজের ‘প্রয়োজন ও চাহিদার’ কথাও বিবেচনা করা হয়েছে। তবে নিরাপত্তার বিষয়ে সতর্কতার কারণেই ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের অন্য মাধ্যমগুলো বন্ধ থাকছে।
সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, যে লক্ষ্য থেকে সরকার এসব মাধ্যম বন্ধ করেছে, তাতে তারা সফল। এসব মাধ্যম বন্ধ করে নাশকতাকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির সুবিধা হওয়ায় নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘অবশ্যই নিরাপত্তার জন্য এসব মিডিয়া বন্ধ করা হয়েছিল। এ ক্ষেত্রে আমরা সফল হয়েছি। আমাদের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি।’ ফেসবুক খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেসবুকের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফেসবুক মনিটরিংয়ের জন্য যেসব আইডির তথ্য আমরা তাদের কাছে চাইব, সেগুলো তাঁরা আমাদের দেবেন বলে আশ্বস্ত করেছেন।’
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক খুলে দিলে জাতীয় নিরাপত্তা এখন বিঘ্নিত হবে না সেটি নিশ্চিত হয়েই সরকার এটি খুলে দিয়েছে।’ এটি খুলে দেওয়ার বিষয়ে ফেসবুকের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান।
ফেসবুক খোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ভূমিকার কথা তুলে ধরেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের তরুণদের কথা মাথায় রেখে তিনি (সজীব ওয়াজেদ) ফেসবুক খুলে দিতে অনুরোধ করেন। দেশের তরুণের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণেরা ফেসবুক না থাকায় সমস্যায় পড়ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে ফেসবুক খুলে দেওয়া হয়েছে।’
ফেসবুক খুলে দিলেও ইন্টারনেট যোগাযোগের অন্য মাধ্যমগুলো না খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অ্যাপসগুলো বন্ধ রাখা হয়েছে, কারণ ওই সব অ্যাপসকে লোকেট বা মনিটরিং করা যায় না। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে ওই সব অ্যাপস খোলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তারানা হালিমও বললেন, নিরাপত্তার বিষয়ে যখন কোনো হুমকি থাকবে না, তখন অন্য অ্যাপগুলো খুলে দেওয়া হবে।
একটানা ২২ দিন বন্ধ থাকার পর গতকাল দুপুরে সরকার ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায়। বেলা দেড়টার দিকে ফেসবুক খুলে দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।