অনলাইনভিত্তিক অনাকাঙ্ক্ষিত বিষয়ে প্রতিকার পেতে সরকারের সঙ্গে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল রোববার সংসদের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা অনুযায়ী অনাকাঙ্ক্ষিত বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে এর প্রতিকারের বিষয়ে উত্তর পাওয়া যাবে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর ১২টি তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে।
তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহায়তায় বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কার্যক্রম চলমান রয়েছে।
সরকারি দলের সাংসদ ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, সরকারের অনুরোধে ইউটিউবে প্রকাশিত নীতিমালা পরিপন্থী ভিডিও প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এ ছাড়া শিশু পর্নোগ্রাফি রোধ ও সাইবার নিরাপত্তায় সরকার মাইক্রোসফটের সঙ্গে কাজ করছে।