ফেসবুক পেজ ও এক ওয়েবসাইট বন্ধের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পাঁচটি ফেসবুক পেজ ও একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত করে চিহ্নিত করতেও বলা হয়েছে।সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের পাঁচটি পেজ ও একটি ওয়েবসাইটের কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বতুল সারওয়ার ও ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকোনমিকসের (ডিসিএলই) অধ্যক্ষ এম নুরুল ইসলাম হাইকোর্টে ২৬ জানুয়ারি রিট আবেদন করেন। গতকাল প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রিটকারীদের আইনজীবী নওশাদ জমির প্রথম আলোকে বলেন, এসব ওয়েবসাইট ও ফেসবুক পেজে হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করা হয়েছে। আবেদনে ছয়টি বিষয়ে বলা হয়েছে। এসব সাইটে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তা ধর্মীয় মূল্যবোধ ও সংবিধান পরিপন্থী। আদালত এসব পেজ ও সাইট বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রুলও জারি করেছেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আদালত পাঁচটি ফেসবুক পেজ ও একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরুর নির্দেশ দিয়ে আদালত রুল জারি করেছেন।রুলে ফেসবুক বা অন্য ইন্টারনেট সাইটে থাকা ওই সব গ্রুপ বা পেজ স্থায়ীভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।‘অশালীন’ উপাদান আপলোড করায় এসব সাইট বা ওয়েব পেজের প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে কেন যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে একই ধরনের ‘অশালীন ও জঘন্য’ উপাদান প্রদর্শনকারী সাইট বা ওয়েব পেজ বন্ধের ধারাবাহিকতা কেন নিশ্চিত করা হবে না, তাও জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিবসহ পাঁচ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আফজাল এইচ খান, নওশাদ জমির, ফাতেমা আনোয়ার ও রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।