ফেসবুক বন্ধ থাকায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক বন্ধের প্রতিবাদ গতকাল সোমবারও অব্যাহত ছিল। ফেসবুক ব্যবহারকারীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের অনুরোধ সত্ত্বেও গতকাল রাত পর্যন্ত বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকার পথ খোলা হয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গতকাল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেসবুক বিষয়ে বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের পরামর্শে শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ফেসবুক বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে ম্যাঙ্গো টেলি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবীর প্রথম আলোকে বলেন, গতকাল বিটিআরসির কর্মকর্তারা তাঁদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা আশা করছেন, অল্প সময়ের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হবে। ফেসবুক বন্ধের সিদ্ধান্তের পর দুই দিন ধরে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশের প্রায় তিন হাজার সাইবার ক্যাফে ব্যবহারকারীর সংখ্যা অর্ধেক কমে গেছে বলে জানিয়েছেন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) জ্যেষ্ঠ সহসভাপতি আশফাকউদ্দিন।এদিকে পৃথক বিবৃতিতে তথপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ফেসবুক খুলে দেওয়ার অনুরোধ করেছে সরকারের কাছে। বেসিসের সভাপতি মাহবুব জামান ও মহাসচিব ফোরকান বিন কাশেম বলেছেন, ফেসবুকের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর কোনো মাধ্যমকে বন্ধ করে রাখলে তা জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার ও মহাসচিব মুজিবুর রহমান বলেছেন, দেশের প্রায় নয় লাখ ফেসবুক ব্যবহারকারীকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা ঠিক হবে না। ফেসবুক বন্ধের প্রতিবাদে ইন্টারনেটের বাংলা ব্লগসাইটগুলোও খুবই সরব হয়ে উঠেছে। প্রতিটি ব্লগসাইটেই ব্লগাররা ফেসবুক চালুর দাবি জানাচ্ছে। এদিকে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে যুবক গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। তারা বলে, গণতান্ত্রিক সরকারের কাছে এ ধরনের বিষয় কাম্য হতে পারে না।