ফেসবুক মাতাচ্ছে 'ফুড মনস্টারস'

কখনো আস্ত মুরগির গ্রিল। কখনো সাজানো ফুচকার বাটি। বাদ যায় না স্যুপ, চিকেন ফ্রাই, পিৎজা, আইসক্রিম। রকমারি কফি তো আছেই। আবার নানা পদের দুপুর বা রাতের খাবারের ফিরিস্তিও পাওয়া যাবে একেবারে নগদে। ভাবছেন কোনো খাবারের দোকানের বয়ান। না, এটি খাবারের একটি ফেসবুক গ্রুপ। নাম ‘ফুড মনস্টারস’।
অল্প দিনে ভালোই সাড়া জাগিয়েছে গ্রুপটি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শুরু করে সদস্যসংখ্যা এখন ১ লাখ ৬৭ হাজার। খাবার নিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় গ্রুপও এটি। সদস্যরা প্রতিদিন খোঁজ দেন নিত্যনতুন সব খাবারের। থাকে টংঘর থেকে পাঁচ তারকা হোটেলের খাবারের তথ্য। এতে যে শুধু খাবারের ছবি ও তথ্য পাওয়া যায় তা নয়, থাকে মান নিয়ে আলোচনা। মূলত বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের মান ও সেবা নিয়েই আলোচনা হয় এই গ্রুপ পেজে।
চট্টগ্রামের তিন তরুণ রয়েছেন এই বিশাল বহরের পেছনে। তাঁরা শুরু করেন অনেকটা শখের বশে। এই তিনজন হলেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া মোহাম্মদ ইমরান চৌধুরী, মোহাম্মদ রাইয়ান ও ব্যাংকার বৃষ্টি ইসলাম। অবশ্য তাঁদের সহযোগিতায় আছেন ছয় স্বেচ্ছাসেবক।
গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মোহাম্মদ ইমরান চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষ ভোজনরসিক। আমাদের চট্টগ্রামের নানা ধরনের খাবার পুরো বাংলাদেশেই বিখ্যাত। চিন্তা করলাম ফেসবুকেও এর একটা প্রচার দরকার। বিষয়টি নিয়ে বন্ধুদের সঙ্গে আলাপ করলাম। তারা সায় দিল। ব্যস কাজে নেমে পড়লাম। তবে এটা যে এভাবে সাড়া ফেলবে তা ভাবনাতেও ছিল না। এখন এই গ্রুপের মাধ্যমেই অনেকের মধ্যে বন্ধুত্ব হয়েছে। তাঁরা দলবেঁধে খেতে যান বিভিন্ন রেস্তোরাঁয়।
আরেক অ্যাডমিন মোহাম্মদ রাইয়ানের দৃষ্টিতে এই পেজ ভোক্তাদের হাতের প্রদীপ। সেটা কেমন? প্রশ্ন শুনে রাইয়ান বললেন, ‘আমাদের পেজে গেলে চট্টগ্রামের সব রেস্টুরেন্টের খাবারের তালিকা চোখের সামনে চলে আসবে। জানা যাবে খাবারের দামও। তা ছাড়া এই গ্রুপে ভোক্তা ও রেস্টুরেন্ট উভয়ে আছেন। তাই কোনো রেস্তোরাঁর খাবারের মান বা সেবা নিয়ে যদি কারও অসন্তুষ্টি আসে, তবে তাৎক্ষণিকভাবে তা গ্রুপে লিখে জানান। ফলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের সেবা আরও ভালো করার সুযোগটা পায়। মজার ব্যাপার, কেউ চাইলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্ট্যাটাস পোস্ট করেন। তখন উত্তরও দেওয়া হয় চট্টগ্রামের ভাষায়।’
এই পেজের ব্যতিক্রমী দিক মাসে একজন শেফকে সবার সঙ্গে পরিচয় করানো। অ্যাডমিনদের ভাষ্য, মজার মজার খাবার যাঁরা তৈরি করেন, তাঁদের আমরা চিনি না। তাঁরা থাকেন আড়ালে। এ জন্য প্রতি মাসে এ রকম একজন শেফের বিস্তারিত তুলে ধরা হয়।
অবশ্য এত দিন ফেসবুকে আলোচনা-সমালোচনা হলেও ‘ফুড মনস্টারস’ অন্তর্জাল ছেড়ে তার সদস্যদের সামনে হাজির হয় গত নভেম্বরে। নগরের শিশু একাডেমি প্রাঙ্গণে গত ২৫ ও ২৬ নভেম্বর আয়োজন করে ‘ফুড ফেস্টিভ্যাল’। নগরের নামী ২০টি রেস্তোরাঁ তাদের বিশেষ খাবার নিয়ে এতে অংশ নেয়। মেলার ভিড়ই বলে দেয় গ্রুপের সদস্যরা কতখানি সচল। দুই দিনই ছিল উপচেপড়া ভিড়।
অ্যাডমিনরা বলেন, প্রতিদিন প্রায় দুই হাজার সদস্যের অনুরোধ (রিকোয়েস্ট) আসে। এসব যাচাই-বাছাই করে গড়ে দেড় হাজারের মতো সদস্য অনুমোদন দেওয়া হয়।
‘ফুড মনস্টারস’ এসবের বাইরে নানা সামাজিক কাজও করে। অ্যাডমিন বৃষ্টি ইসলাম বলেন, গত রোজায় ১৩৫ পথশিশুকে একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার করানো হয়। সবার হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন পোশাক। এই আয়োজনের খরচ জোগান গ্রুপের সদস্য ও বিভিন্ন রেস্তোরাঁর মালিকেরা। তাঁরা স্বেচ্ছায় এর সঙ্গে যুক্ত হন। এ ছাড়া যেকোনো মানবিক আবেদনে সাড়া দেওয়ার চেষ্টা থাকে। অনেক সময় কারও রক্তের প্রয়োজন হলে গ্রুপ পেজে ঘোষণা দিলে সঙ্গে সঙ্গে সাড়া পাওয়া যায়।
দিনে দিনে বেড়েছে ব্যাপ্তি, অনেক সদস্য। গ্রুপ কোথায় গিয়ে দাঁড়াবে? দৃঢ়তার সঙ্গে ইমরানের উত্তর—‘চট্টগ্রামের খাবারের একটা আলাদা ব্র্যান্ড তৈরি করব।’
ফুড মনস্টারের ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/groups/440087699476173?refid=27