ফেসবুক রাতে বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক রাতে কয়েক ‘ঘণ্টার’ জন্য বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেসবুক বন্ধ করার প্রশ্নই ওঠে না। বিষয়টি বিবেচনায়ও নেই।
মধ্যরাতে ফেসবুক ছয় ঘণ্টা বন্ধ থাকবে—এ ধরনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ারও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এ নিয়ে নিউজ করার আগে সাংবাদিকদের তাঁর সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা সম্ভব নয়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, এমন সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। ফেসবুকে যেসব মন্তব্য, প্রতি মন্তব্য ও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। আশা করি, এ নিয়ে সবার সংশয় দূর হবে।’
তারানা হালিম বলেন, বাংলাদেশে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ব্যবহৃত হচ্ছে না, সাধারণ জনগণ বিশেষ করে নারীরা অনলাইনে ব্যবসা করে অর্থ উপার্জন করছেন। বাংলাদেশ থেকে ইউরোপ-আমেরিকায় যোগাযোগের জন্য রাতের সময়টি সুবিধাজনক বলে সেই সময় অনেকে এই মাধ্যমে ব্যবসা-সংক্রান্ত কাজ করেন।