ফেসবুক শিগগির খুলে দেওয়া হতে পারে
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক শিগগির খুলে দেওয়া হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।সূত্র জানায়, বাংলাদেশের বেশ কিছু মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) আউটসোর্সিং কাজ হিসেবে ফেসবুকের জন্য নানারকম প্রোগ্রাম তৈরি করেন। এটি বন্ধ থাকায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তথ্যপ্রযুক্তি খাতের আউটসোর্সিং কাজের সঙ্গে জড়িত প্লেডম বাংলাদেশের কারিগরি প্রধান তাপস পাল বলেন, ‘বাংলাদেশ থেকে ফেসবুকে এখন কোনো কাজ করা যাচ্ছে না। আমাদের তৈরি ফেসবুকের লাইভ প্রোগ্রামগুলো প্রায় ১০ লাখ ব্যবহারকারী প্রতিদিন ব্যবহার করে।’মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তামিম শাহরিয়ার জানান, ঢাকায় প্রায় ১০০টি দল ফেসবুকের জন্য প্রোগ্রাম তৈরি করে। এসব প্রোগ্রামের গ্রাহকেরা বিরক্ত হচ্ছেন। ফেসবুক খুলে দেওয়ার দাবি মওদুদের: এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ফেসবুক বন্ধ করে সরকার তথ্য প্রাপ্তির অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। সরকারের উচিত ছিল যারা ফেসবুকের অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সচেতন নাগরিক পরিষদ আয়োজিত ‘আমাদের দেখা ভোলা-৩ উপনির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মওদুদ এ কথা বলেন। তিনি অবিলম্বে ফেসবুক খুলে দেওয়ারও দাবি জানান। বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নেই। সচেতন নাগরিক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় ওই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।