ফেসবুক হ্যাক করে চাঁদা দাবি!
ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা দাবি করছে একটি চক্র | আর চাঁদা না দেওয়ায় কয়েকজনের ফেসবুকে আপত্তিকর পোস্ট করে জুড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে৷
ফেসবুক হ্যাকিংয়ের শিকার এমন কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোর কাছে তাঁদের এ ভোগান্তির কথা তুলে ধরেছেন৷ আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী ‘উল্টো হয়রানির’ আশঙ্কায় থানা-পুলিশকে অবহিত করেননি৷
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী একজন শিক্ষার্থী গতকাল শনিবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবেও বিষয়টি অবহিত করা হয়েছে৷ ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, বেশ কিছু দিন আগে থেকে শুরু হয়ে এ সমস্যাটি দিন দিন বেড়েই চলছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, কৌশলে একজনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার পর ওই অ্যাকাউন্টের বন্ধু তালিকায় ঢুঁ মারছে চক্রটি। বন্ধু তালিকার ঘনিষ্ঠ কারও সঙ্গে কথা (চ্যাটিং) বলে কৌশলে তাঁর মেইল আইডি ও পাসওয়ার্ড নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। পরে অন্য কারও ফেসবুক অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের শিকার ফেসবুক অ্যাকাউন্টে কথা বললে অপর প্রান্ত থেকে দাবি করা হচ্ছে এক হাজার টাকা। দর-কষাকষি করে কেউ ২০০ কেউ বা ৫০০ টাকা দিয়ে ফেসবুক আইডি ফেরত পাচ্ছেন। টাকা বলতে, ফেসবুকে একটি নির্দিষ্ট মুঠোফোন কোম্পানির কার্ডের গোপন নম্বর পাঠাতে হচ্ছে ওই চক্রটির কাছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি৷ আমি ভুক্তভোগী শিক্ষার্থীদের থানায় জিডি করতে বলেছি৷’
যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক সারওয়ার আলম বলেন, ফেসবুকের বিষয়ে বিটিআরসি সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে যদি কোনো অপরাধ খুঁজে পায় এবং সে প্রতিবেদন যদি তাদের কাছে দেয়, তাহলে তারা সে প্রতিবেদন ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠায়। তখন ফেসবুক কর্তৃপক্ষ সেটাকে যাচাই করে ব্যবস্থা নিতে পারে।
সারওয়ার আলম বলেন, ‘আমরা ইন্টারনেট নিরাপত্তার জন্য খুব শিগগিরই সফটওয়্যার স্থাপন করব। এটি স্থাপন করার পর সরাসরি আমরা ব্যবস্থা নিতে পারব।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ করলে আমরা আইনগত পদক্ষেপ নেব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই-তিন দিন আগে ফেসবুকে তিনি এক পরিচিতের সঙ্গে কথা (চ্যাট) বলছিলেন। তিনি দেখেন, তিনি প্রশ্ন করছেন না অথচ এমন কিছু বাক্য আগেই আগেই কথা বলার বক্সে উঠে যাচ্ছে। তিনি তখন বুঝতে পারেন তাঁর ফেসবুকে কোনো হ্যাকার প্রবেশ করেছে। পরে লগ আউট করে তিনি বের হয়ে আসেন। কিছুক্ষণ পর চেষ্টা করেও তিনি আর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারেননি।
নূরুল বলেন, ‘এরপর আমি আমার এক বন্ধুর ফেসবুক আইডি ব্যবহার করে আমার আইডিতে কথা বলি। আমাকে বলা হলো, এক হাজার টাকা দিতে। আমি দিইনি। এ কারণে আমার ফেসবুক ওয়ালে আপত্তিকর মন্তব্য জুড়ে দেওয়া হচ্ছে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আমার বন্ধু তালিকায় থাকা আরও পাঁচজনের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।’
একই অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়টির আরও কয়েকজন শিক্ষার্থী৷