ফেসবুকে অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নামধারী কিছু ব্যক্তির ফেসবুকে অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

প্রথম আলোতে গত বৃহস্পতিবার ‘মাদক ছড়িয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে ফেসবুকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য আসতে থাকে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘বর্তমানে জেলা ছাত্রলীগের সাত সদস্যের কমিটি রয়েছে। এর বাইরেও বিভিন্ন নেতার অনুসারী অসংখ্য নেতা-কর্মী রয়েছে। ফেসবুকে অনাকাঙ্ক্ষিত মন্তব্যকারীদের বিরুদ্ধে যদি সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা অবশ্যই তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ ওই প্রতিবেদন প্রকাশের পর প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আন্তরিক। তবে বিষয়টির জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে মাদক ব্যবসায় ছাত্রলীগের একাধিক নেতার জড়িত থাকার কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে পুনরায় তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানানো হয় ছাত্রলীগের এই সংবাদ সম্মেলনে। সভাপতি রবিউল হোসেন তাঁর লিখিত বক্তব্যে বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এর বিষয়ে উঠে আসা তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। মাদক ব্যবসার সঙ্গে তাঁরা কোনোভাবেই জড়িত নন।

রবিউল হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখিত তালিকার সঠিক তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের জন্য ওই মন্ত্রণালয়ের কাছে দাবি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তালিকায় নাম থাকাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে রবিউল হোসেন বলেন, ‘বিষয়টি পুনরায় তদন্তের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের কাছে একটি লিখিত আবেদন পাঠাব।’