ফেসবুকে অভিযোগ পেয়ে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের মাধ্যমে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে ব্যবস্থা নিল বাগেরহাট জেলা প্রশাসন। অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত দূরপাল্লার পরিবহনসহ সাতটি যাত্রীবাহী বাসকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল সোমবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ফকিরহাট বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। নবাগত জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে নির্বাহী হাকিম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী ও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এতে নেতৃত্ব দেন। বাগেরহাটে তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে সূত্র হিসেবে নিয়ে নাগরিক ভোগান্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এটাই প্রথম নজির বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নির্বাহী হাকিম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ঈদের পর বাগেরহাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনে অতিরিক্ত যাত্রীবোঝাই এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে জেলা প্রশাসনের ফেসবুক পাতায় সালাম মৃধা নামের এক ব্যক্তি অভিযোগ করেন। এর ভিত্তিতে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন পরিবহন কাউন্টারের রেজিস্টার খাতা এবং উপস্থিত যাত্রীদের কাছে থাকা টিকিট পর্যবেক্ষণ করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। মানুষের যাতায়াতব্যবস্থা নির্বিঘ্ন করতে এবং যাত্রীসেবার নামে হয়রানি বন্ধে এ ধরনের অভিযান চলবে।
আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় বিভিন্ন পথে চলাচলকারী আমাদের সমিতির বাস বাড়তি ভাড়া আদায় করছে বলে জানি না। দূরপাল্লার বাসগুলোর সমিতি ভিন্ন। তারা ঢাকা থেকে সিদ্ধান্ত দেয়। তাদের বিষয়ে আমার জানা নেই।’