ফেসবুকে অশালীন মন্তব্য নিয়ে ছাত্রলীগে অস্বস্তি
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছাত্রলীগের দুই নেতার স্ট্যাটাস ও ছবি দেওয়া নিয়ে সংগঠনটিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের নেতা-নেত্রীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে সংগঠনের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক লিটন মাহমুদকে সাময়িক বহিষ্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে কারণ দর্শাতে বলা হয়েছে।
সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ওই দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেহেদী হাসানকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, ঘটনার সূত্রপাত হয় গত শনিবার। ওই দিন আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি তরল দুধের স্টলের সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তোলা একটি ছবি ফেসবুকে দেন মেহেদী হাসান ওরফে রনি। ছবিটিতে একজন নারী বিক্রেতার ছবিও ছিল। ছবিটির নিচে মেহেদীর ফেসবুক বন্ধুরা পঞ্চাশের অধিক মন্তব্য করেন, যার অধিকাংশই ছিল অশ্লীল ইঙ্গিতপূর্ণ।
বিষয়টি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফরিন নুসরাতের নজরে এলে তিনি ছবির নিচে বিরূপ মন্তব্যের সমালোচনা করেন। হল শাখার একজন সভাপতি হয়ে তরল দুধের দোকানের সামনে দাঁড়িয়ে একজন নারী বিক্রেতাসহ ছবি তোলা ও তা ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তোলেন তিনি।
এরপর নুসরাতকে উদ্দেশ করে মেহেদী হাসানের অনুসারী ও হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান হোসেন অশ্লীল মন্তব্য করেন। এতে প্রয়াত অধ্যাপক হুমায়ুন আজাদের একটি বক্তব্য উদ্ধৃত করে কুরুচিপূর্ণভাবে নুসরাতকে আক্রমণ করা হয়। ছাত্রলীগের নারীনেত্রীরা এ ধরনের মন্তব্যে মর্মাহত হন। তাঁরা এটাকে নারীর প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করেন।
বক্তব্যটি এতটাই স্পর্শকাতর ছিল যে আফরিন নুসরাত ও তাঁর অনুসারীরা ঘটনার প্রতিবাদে আলোর মিছিল বের করেন। মেহেদী হাসানের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলের সামনে থেকে গত সোমবার সন্ধ্যায় ওই মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে তাঁরা মৌন অবস্থান নেন।
এদিকে গতকাল বেলা একটার দিকে ছাত্রলীগের নেতা লিটন মাহমুদ তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে এক নারী সম্পর্কে তিনি অশ্লীল মন্তব্য করেন। সেখানে তিনি মুখোশধারী ভদ্র মেয়েদের থেকে সাবধান থাকতে তাঁর ফেসবুক বন্ধুদের প্রতি আহ্বান জানান।
ওই মন্তব্য দেখে আবার ক্ষিপ্ত হন নুসরাত। বেলা আড়াইটার দিকে মধুর ক্যানটিনে এই স্ট্যাটাস নিয়ে লিটনকে মারার জন্য চেয়ার নিয়ে এগিয়ে যান নুসরাত। আশপাশে থাকা বিভিন্ন হলের নেতা-নেত্রীরা এসে দুপক্ষকে নিবৃত করার চেষ্টা করেন।
লিটন মাহমুদ বলেন, তিনি নুসরাতকে উদ্দেশ করে কিছুই লেখেননি, তা ছাড়া তাঁর ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
তবে আফরিন নুসরাত বলেছেন, লিটন তাঁকে উদ্দেশ করেই স্ট্যাটাসটি দিয়েছেন। এর তথ্যপ্রমাণও তাঁর কাছে রয়েছে।