ফেসবুকে আপত্তিকর মন্তব্য, বিক্ষোভ যুবক গ্রেপ্তার
ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় বিক্ষোভ হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাচনা বাজারের বাসিন্দা কলেজ শিক্ষার্থী প্রিন্স রায় (১৮) ফেসবুকের একটি পেজে নিজের আইডি থেকে একটি কমেন্ট ও লাইক দেন ইসলাম ধর্ম নিয়ে। বিষয়টি দেখে পুলিশকে জানানো হলে পুলিশ গত শনিবার সন্ধ্যায় সাচনা বাজার থেকে তাঁকে আটক করে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পরে প্রিন্সের শাস্তির দাবিতে রাতে উপজেলা সদরে বিক্ষোভ হয়েছে।
পুলিশ জানায়, প্রিন্স রায় দাবি করেছে ফেসবুক আইডিটি তাঁর হলেও সাত মাস আগে পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এটি আর ব্যবহার করছেন না তিনি। এই মন্তব্যও তিনি করেননি। বিষয়টি নিয়ে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় লোকজনকে নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাফর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, প্রিন্স রায়কে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।