চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর নাম দিয়ে ফেসবুক পেজ খুলে অশ্লীল ও মানহানিকর তথ্য ও ছবি দেওয়ার অভিযোগে সেলিম পাশা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের কাছে ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, কে বা কারা ফেসবুকে তাঁর সংগঠনের নামে পেজ খুলে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল তথ্য ও ছবি জুড়ে দিচ্ছেন। এতে তিনি বিব্রতকর অবস্থায় পড়ছেন। র্যাব কর্মকর্তারা খোঁজ নিয়ে জানতে পারেন, সেলিম পাশা নামের একজন কাজটি করছেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম পাশার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। ১৯৯৩ সালে তিনি সৌদি আরব যান। সেখানে কম্পিউটার ও ভিওআইপি ব্যবসা করতেন। ২০০৭ সালে দেশে ফিরে একই ব্যবসা শুরু করেন। ২০১০ সালে পুলিশ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করলে তিনি আর ওই ব্যবসায় সম্পৃক্ত হননি। এরপর তিনি একটি অনলাইন পত্রিকা খোলেন। সেটা জনপ্রিয় করতে বিভিন্ন অশ্লীল ও মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও দিতে থাকেন।