
বিশ্ববিদ্যালয়ের সুনামহানি, ছাত্রশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত শিক্ষকদের সম্মানহানি ও ছাত্রদের সংঘাতে উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওই শিক্ষকের নাম খ আলী আর রাজী।
আজ সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সেই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেছে, এই স্ট্যাটাস বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করেছে।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ৪ এপ্রিল বিকেলে শিক্ষক খ আলী আর রাজী ফেসবুকে তাঁর নিজের দুটি অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। ‘গুন্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ’ শীর্ষক ওই স্ট্যাটাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে বিশৃঙ্খলা দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত ব্যবস্থাকে ‘গুন্ডামি’ আখ্যায়িত করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুন্ডামিতে লিপ্ত ছাত্রদের উসকানি দেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংঘবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সুনামহানি, ছাত্রশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত শিক্ষকদের সম্মানহানি ও ছাত্রদের সংঘাতে উসকানি দেওয়ার অভিযোগে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে ওই শিক্ষককে জানাতে হবে।
এ বিষয়ে নোটিশপ্রাপ্ত শিক্ষক খ আলী আর রাজী প্রথম আলোকে বলেন, ‘এটি একটি সাধারণ লেখা। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালিত হচ্ছে, সেটি নিয়ে আমার সাধারণ মন্তব্য বা অভিমত। আমার পর্যবেক্ষণ থেকে বিশ্ববিদ্যালয় নিয়ে বলার অধিকার রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো চালানোর জন্য পেশিশক্তির প্রয়োগ কোনো কার্যকর পন্থা নয়।’ তিনি বলেন, ‘স্ট্যাটাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলিনি। এমনকি “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” শব্দটিও নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের দিকে টেনে নিয়েছে।’