ফেসবুকে ছবি দেওয়ার হুমকি, কলেজছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার এক কলেজছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। একই কলেজের এক বখাটের প্ররোচনায় ওই ছাত্রী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইসরাত জাহান (১৮) নামের ওই ছাত্রী মুরাদনগরের কৃষ্ণপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। তিনি উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে গতকাল শনিবার কথা বলে জানা গেছে, একই কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার পরমতলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে জাহিদ হাসান প্রায়ই ইসরাতকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ইসরাতের ছবি বিকৃত করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন জাহিদ। পাশাপাশি ইসরাতকে অ্যাসিডে ঝলসে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরাত গত বুধবার দুপুরে নিজের ঘরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় ইসরাতের পরিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করতে চাইলেও পুলিশ কেবল অপমৃত্যুর মামলা নিয়েছে। ইসরাতের মা সেলিনা আক্তার বলেন, ‘লোকলজ্জার ভয়ে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তাকে যারা এ পথে আনল, তাদের কেন সাজা হবে না?’ বাবা ইকবাল হোসেন বলেন, ‘ওরা (জাহিদ) প্রভাবশালী। তাই অপমৃত্যু মামলা করতে বাধ্য হয়েছি।’
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, অপমৃত্যু মামলা হলেও পরে আত্মহত্যার প্ররোচনা বা হত্যা মামলা করতে কোনো অসুবিধা নেই। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।