ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের তালুকদার বাড়ি রেলক্রসিংয়ের উত্তর পাশ থেকে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া গেছে। ফেসবুকে ছবি দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। গতকাল বৃহস্পতিবার লাশ হস্তান্তর করা হয়েছে।

ওই ব্যক্তির নাম সুমন মিয়া (২৫)। তিনি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তাঁর ভাই সিরাজুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে সুমন নিখোঁজ ছিলেন। ট্রেনে কাটা পড়া লাশের ছবি ফেসবুকে দেখে পরিবার তাঁকে শনাক্ত করে। গত মঙ্গলবার সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের কাছে লাশ চেয়ে আবেদন করে তাঁর পরিবার। গতকাল দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কবর থেকে সুমনের লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ইয়ার আলী বলেন, গত রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়। ওই দিনই লাশটি রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। পরিচয় পাওয়ার পর লাশ উত্তোলন করে তাঁর ভাই সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুমনের ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘সুমন ট্রেনে কাটা পড়ে মারা যায়নি। তাঁকে মেরে রেললাইনে রাখা হয়েছিল। হত্যা মামলা করা হবে।’