ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত করলেন বাবা
ফরিদপুরে অজ্ঞাতনামা হিসেবে লাশ দাফন হওয়ার এক দিন পর ফেসবুকে ছবি দেখে এক ব্যক্তির লাশ শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। গতকাল বুধবার ওই ব্যক্তির বাবা লাশ শনাক্ত করেন। গত সোমবার ফরিদপুর-চরভদ্রাসন সড়কে কানাইরটেক এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সৈয়দ বাবর আলী (২৪)। তিনি ফরিদপুর সদরের রঘুনন্দনপুর মহল্লার বাসিন্দা ছিলেন।
বাবর আলীর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (কনস্টেবল) সৈয়দ আলমগীর হোসেন ফেসবুকে লাশের ছবি দেখার পর চরভদ্রাসন থানায় গিয়ে পুলিশের তোলা ছবির সঙ্গে মিলিয়ে দেখেন। এরপর সেটি তাঁর ছেলে বাবরের লাশ বলে শনাক্ত করেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, ময়নাতদন্তের পর গত মঙ্গলবার অজ্ঞাতনামা হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে ওই তরুণের লাশ দাফন করা হয়। সোমবার সকালে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে গাজিরটেক ইউনিয়নের কানাইরটেক এলাকায় রাস্তার পাশ থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ব্যাপারে চরভদ্রাসন থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। আদালতের নির্দেশ নিয়ে কবর থেকে লাশ উত্তোলন করা সম্ভব।
সৈয়দ আলমগীর হোসেন জানান, গত রোববার বাবর বাসা থেকে বের হন। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি বলেন, ‘আমি আমার ছেলের লাশ ফেরত চাই। এ জন্য আমি জেলা প্রশাসনের সহায়তা কামনা করছি।’
বাবর আলী এ বছর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বলে জানান তাঁর চাচা সৈয়দ জাহাঙ্গীর আলম।