ফেসবুকে ছাত্রলীগ নেতাকে কটূক্তি, ছাত্র কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফেসবুকে ছাত্রলীগের এক নেতাকে কটূক্তির অভিযোগে গত বুধবার আরিফুর রহমান (২০) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আরিফুরকে মারধর করেন ছাত্রলীগের ওই নেতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা ও বরিশাল ইনফ্রা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র আরিফুর রহমান দুই মাস আগে আশিক হাসান নামের এক তরুণের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি ওই ফেসবুকে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুর ইসলাম ওরফে রাজুর নামে কটূক্তি করেন। বিষয়টি শরিফুর জানতে পেরে আশিককে জানান। এরপর আশিক খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ফেসবুক অ্যাকাউন্টটি আরিফুর ব্যবহার করছেন। গত বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক আরিফুরকে ডেকে শরিফুরের পৌর শহরের টিঅ্যান্ডটি সড়কের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রেখে মারধর করা হয়।
আরিফুরকে মারধর ও চাঁদা দাবি করার অভিযোগে তাঁর গ্রামের কামরুল হাসান নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ রাতেই আরিফুরকে উদ্ধার করে। এরপর আশিক হাসান বাদী হয়ে তাঁর নামে ভুয়া আইডি খোলা ও কটূক্তি করার অভিযোগে মামলা করেন।
অভিযোগ অস্বীকার করে আরিফুর রহমান বলেন, ‘শরিফুরের বাসায় নিয়ে যাওয়ার পর সেখানে নিজাম নামের এক যুবক ছেড়ে দেওয়ার শর্তে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে।’
শরিফুর ইসলাম বলেন, ‘প্রথমে আমার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছিল। পরে অভিযোগটি প্রমাণ করতে না পেরে প্রত্যাহার করে নেন অভিযোগকারী।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ফেসবুকে অশ্লীল বাক্য ও মানহানিকর তথ্য দেওয়ায় আরিফুরের বিরুদ্ধে মামলা হয়েছে।