ফেসবুকে দুই মেয়র প্রার্থীর ব্যাপক প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগ বদলেছে, বেড়েছে প্রযুক্তির ব্যবহার। নির্বাচনী প্রচারে প্রভাব পড়েছে প্রযুক্তির। এখন আর পোস্টার, মাইকিং, সমাবেশের মতো পুরোনো কৌশল নিয়ে বসে থাকছেন না প্রার্থীরা। এ ক্ষেত্রে পিছিয়ে নেই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীও। প্রচারকাজে তাঁরা ব্যবহার করছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান ও বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেনের সমর্থকেরা ইতিমধ্যে নানা ধরনের ছবি দিয়ে ফেসবুকে নিজ নিজ প্রার্থীর পক্ষে ব্যাপক লেখালেখি শুরু করেছেন। মোসাদ্দেকের শুভাকাঙ্ক্ষীরা তাঁর পক্ষে দুটি অ্যাকাউন্ট খুলে প্রচার চালাচ্ছেন।খায়রুজ্জামানের পক্ষে তাঁর এক সমর্থক কামরুল আরিফ লিখেছেন, ‘তিনি প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা নগরবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আমরা তাঁর উন্নয়নের কোনো ফিরিস্তি উল্লেখ না করলেও আপনারা চোখ বন্ধ করে রাজশাহী শহরের গত পাঁচ বছরের সাফল্য স্পষ্ট দেখতে পাবেন।’ কামরুল এ লেখার সঙ্গে বক্তব্যরত খায়রুজ্জামানের একটি ছবি দিয়েছেন।মোসাদ্দেক হোসেনের ডাকনামে ‘বুলবুল যুবদল’ এবং ‘বুলবুল, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন ২০১৩’ নামে ফেসবুকে দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। বুলবুল যুবদলের পাতায় মোসাদ্দেকের পাশে সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। জাহেদুর রহমান নামের একজন নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ফেসবুকে মোসাদ্দেকের পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি বিভিন্ন ধরনের পোস্টার দিয়েছেন।রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম ফেসবুকে খায়রুজ্জামানের পক্ষে তাঁর ডাকনাম উল্লেখ করে লিখেছেন, ‘পাঁচ বছরে লিটন ভাই যদি একটা শহরের চেহারা পাল্টে ফেলতে পারেন, তাহলে আমরা বলতে পারি “লিটন ভাই পেরেছেন, লিটন ভাই-ই পারবেন”।’