ফেসবুকে নাগরিক সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের সেই ফেসবুক পেজ
বরিশালের সেই ফেসবুক পেজ

গত ৩ এপ্রিল বরিশাল শহরের মল্লিক রোডের বাসিন্দা মো. ইব্রাহিম খানের ১২ বছরের ছেলে আবদুল্লাহ-বিন-নিয়াজ বাসা থেকে নিখোঁজ হয়। ১১ এপ্রিল বিষয়টি ‘বরিশাল সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ফেসবুক পেজে পোস্ট দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। ১৩ এপ্রিল মো. তামিম নামের এক তরুণ আবদুল্লাহকে রাস্তায় কাঁদতে দেখে ফেসবুকে পোস্ট করা ছবি দেখে তাকে শনাক্ত করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে আবদুল্লাহকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
শুধু আবদুল্লাহর ঘটনা নয়, এ রকম ৩০৮টি সমস্যা জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে সমাধান করেছে জেলা প্রশাসন। নাগরিক সমস্যা সমাধানে ফেসবুকের এই সেবায় খুশি প্রশাসন ও ভুক্তভোগী সবাই।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এতটা সাড়া মিলবে ভাবতে পারিনি। মাত্র সাত মাসে এই গ্রুপে ৩৫২টি সমস্যা নাগরিকেরা তুলে ধরেছেন, যার মধ্যে ৩০৮টির সমাধান হয়েছে। আর প্রক্রিয়াধীন আছে ৪৪টি। বরিশালের সম্ভাবনা দেখে দেশের অন্যান্য বিভাগেও বিষয়টি ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।’
জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুমাইয়া আক্তার শ্রাবন্তী। ২০১০ সাল থেকে তিনি কাজ করছেন এই সেন্টারে। গত ২৯ মার্চ তিনি ‘বরিশাল সমস্যা ও সম্ভাবনা’ ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘২০১০ সাল থেকে ইউনিয়ন তথ্যসেবা-কেন্দ্রকে জনগণের কাছে জাদুর প্রদীপের মতো করে তৈরি করেছি। জীবন-জীবিকা, কৃষি, শিক্ষা বিষয়ে জনগণকে সেবা দিয়েছি। আজকে সেই তথ্যসেবা-কেন্দ্র থেকে আমাকে বের করে দেওয়ার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। তথ্যসেবা-কেন্দ্রে থেকে যাতে নাগরিক সেবার মান বৃদ্ধি করতে পারি তার সুব্যবস্থা দানে সদয় মর্জি হয়।’ ওই পোস্ট দেখে জেলা প্রশাসক সাইফুজ্জামান লেখেন, ‘সুমাইয়া কোনো ভয় নাই। মনে সাহস ও আত্মবিশ্বাস রাখুন। আমরা আপনার পাশেই আছি। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।’
এরপর সুমাইয়ার দুশ্চিন্তা দূর হয়। তিনি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘দুই দিনের মধ্যে ইউএনও ইউনিয়ন পরিষদ সচিবকে বলে সমস্যার সমাধান করেন।’
জেলা প্রশাসন সূত্র জানায়, গত বছরের ১৩ আগস্ট ‘বরিশাল সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ফেসবুক গ্রুপ চালু করা হয়। বরিশালে কয়েকজন মেধাবী তরুণ এই কাজে সহযোগিতা দেন। ২৯ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় ইনোভেশন সার্কেলের সভায় প্রথম বিষয়টি উপস্থাপন করা হয়। তার পরই পথ চলা শুরু। বর্তমানে এই গ্রুপে প্রায় ৩০ হাজার সদস্য রয়েছেন।
শহরের কালীবাড়ি রোডের বাসিন্দা দীপু হাফিজুর রহমান এই গ্রুপের সদস্য। তিনি বলেন, ‘আমি ওই ফেসবুক গ্রুপের একজন সদস্য। আমার জানামতে, বরিশালের জেল খাল, কীর্তনখোলা নদী, বি এম কলেজের গেটে সিগারেটের দোকান, রাস্তার ওপর বালু-পাথর রাখা নিয়ে নানা সমস্যার পোস্ট দেখেছি। যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হয়েছে।’
ফেসবুকে ঢুকে barisal problem and prospect লিখলেই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে।