ফেসবুকে পোস্ট, স্কুলে ভর্তির ব্যবস্থা হলো তিন শিশুর
জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে গরিব তিন ভাইকে বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তাদের পরিবারের পুনর্বাসনের দায়িত্বও নিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান তিন শিশুকে স্কুলে ভর্তি করে হাতে বই তুলে দেন।
ওই শিশুরা হলো মো. সালাউদ্দিন (১০), স্বাধীন মিয়া (৭) ও ইকবাল হোসেন (৫)। তারা পৌর শহরের মুসলিমাবাদ এলাকার তমির উদ্দিন ও সেলিনা বেগমের ছেলে। তমির উদ্দিন রিকশাচালক। সেলিনা বেগম বুদ্ধিপ্রতিবন্ধী। মেঘলা আক্তার (২) নামে তাদের এক মেয়ে আছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ক্ষুধার্ত তিন ভাই কাগজ টোকাচ্ছে’ শিরোনামে একটি ছবি পোস্ট করেন শহরের কাচারিপাড়া এলাকার শওকত জামান নামের এক ব্যক্তি। এতে তাদের পুনর্বাসন ও শিক্ষার ব্যবস্থা করার আবেদন জানানো হয়। বিষয়টি জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের নজরে এলে সোমবার সন্ধ্যায় তিনি শিশুদের বাড়িতে যান। পরে তাদের ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা, খাবার ও নতুন পোশাক দেন। গতকাল তিনি ওই তিন শিশুকে মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। এ সময় জেলা প্রশাসক ওই তিন শিশুর হাতে বইও তুলে দেন। সালাউদ্দিনকে প্রথম শ্রেণি ও অপর দুই ভাইকে শিশু শ্রেণিতে ভর্তি করা হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঘিঞ্জি এলাকায় এক পাশ পলিথিনে ঘেরা ছোট ভাঙা একচালা টিনের ঘরে পরিবারটির বাস। টিন ফুটো। ঘরের ভেতর একটি খাট। বসার কিছু নেই। এক পাশে শিশুদের টোকানো কাগজপত্র।
স্থানীয় কয়েকজন বলেন, চার ভাইবোনের মধ্যে সালাউদ্দিন বড়। সে ছোট তিন ভাইবোনকে নিয়ে রাস্তাঘাটে কাগজপত্র টোকাত। সন্ধ্যায় এসব বিক্রির টাকায় খাবার খেত। ঝড়বৃষ্টিতে টিনের চালাঘর ভাঙা থাকায় বৃষ্টির পানি পড়ে।
শিশুদের বাবা তমির উদ্দিন বলেন, ‘আমাগো কিছুই নাই। একলা মানুষ কাজ করে যা পাইতাম, তা-ই দিয়ে সংসার চলত। আমাগো ভাঙা ঘরে স্যার (ডিসি) আইছেন। অনেক খুশি হইছি। তিনি আমাগো অনেক সাহায্য করেছেন।’
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, পরিবারটির সদস্যরা যাতে মাথা গুঁজতে পারে, সে জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা করা হবে। শিশুদের বাবার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত চলার জন্য এক বস্তা চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।