ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি, প্রভাষকের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‘বাংলাদেশ জননেত্রী পরিষদ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করা হয়। এই শিক্ষকের নাম হাফিজুর রহমান, তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক। শাহবাগ থানা সূত্র জানাায়, হাফিজুর রহমান কিছুদিন আগে ফেসবুকে একটি বার্তা লেখেন। ওই বার্তার কোথাও প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করা হয়নি। বার্তার একটি স্থানে তিনি ‘হায়েনা’ শব্দটি উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী এ সাধারণ ডায়েরি করেন। জানতে চাইলে এ বি সিদ্দিকী বলেন, ‘ওই লেখা পড়ে আমার মনে হয়েছে তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করেই লেখা হয়েছে।’ হাফিজুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ওই বক্তব্য কোনো ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়নি। হায়েনা বলতে অনিয়ম আর দুর্নীতিকে বোঝানো হয়েছে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সাধারণ ডায়েরি হয়েছে। বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। এ বিষয়ে ওই শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তাঁর ব্যাখ্যা অনুযায়ীই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’