ফেসবুকে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি প্রচার কলেজছাত্র গ্রেপ্তার
ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি সংযোজনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কলেজছাত্রকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কলেজছাত্রের নাম দেলোয়ার হোসেন (২০)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।গ্রেপ্তার হওয়া দেলোয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের দেওয়ান আলীর ছেলে। তিনি কসবার চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেলোয়ার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি সংযোজন করে তা প্রচার ছাড়াও বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। স্থানীয় লোকজন গত বুধবার বিকেলে বিষয়টি পুলিশকে জানায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা খুঁজে পাওয়ায় ওই দিন রাতেই তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।