ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, বিএনপির কর্মী গ্রেপ্তার
নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশের মামলায় মেহেদী হাসান (২৩) নামের বিএনপির এক কর্মী গ্রেপ্তার হয়েছেন। কোম্পানীগঞ্জ থানা-পুলিশ বাড়ি থেকে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে ।
মেহেদীর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। বাবার নাম শেখ বাহার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, মো. শেখ আলম নামের এক ব্যক্তি ১৮ মে তাঁর ভাই শেখ বাহার ও ভাতিজা মেহেদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের সঙ্গে আসামিদের ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে পোস্ট করা ছবির একটি কপি সংযুক্ত করা হয়। তথ্যপ্রযুক্তি আইনে মামলা হিসেবে নেওয়া হয়। সোমবার গভীর রাতে গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, মামলার বাদী ও আসামিদের মধ্যে পারিবারিক বিষয়ে কিছু ঝামেলাও রয়েছে। আসামি দুজন সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে তথ্য পেয়েছেন তাঁরা।
মেহেদীকে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশের বিষয়টি গুরুতর একটি অভিযোগ। তাই প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।