ফেসবুকে প্রধানমন্ত্রীর 'ব্যঙ্গচিত্র', বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলামের ছেলে সজীব ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে আজ মঙ্গলবার থানায় মামলাটি করেন। মামলায় শুধু সজীব ইসলামকেই আসামি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী এসআই আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, সজীব ইসলাম তাঁর নিজের ফেসবুক পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ‘ব্যঙ্গচিত্র’ পোস্ট করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নজরে এলে তাঁরা ছবিটি প্রিন্ট করে শাহজাদপুর থানায় অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলাটি দায়ের করা হয়।
শাহজাদপুর পৌর মেয়রের ছেলে সজীব পলাতক থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, প্রাথমিকভাবে সজীবের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বর্তমানে তিনি পলাতক।