ফেসবুকে বন্ধ অনেক অ্যাকাউন্ট খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধ হয়ে যাওয়া অনেক প্রকৃত অ্যাকাউন্ট এখনো খোলেনি। এ কারণে এসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। বন্ধ হয়ে যাওয়া এসব অ্যাকাউন্ট ফেরত পেতে কী করা উচিত, সেটিও বুঝতে পারছেন না অনেকে। দীর্ঘদিনের জমানো ছবি ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে অনেক ব্যবহারকারী তাঁদের হতাশা ও ক্ষোভের কথা জানিয়েছেন।
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রোজী শারমিনের ফেসবুক অ্যাকাউন্টটি গত শনিবার থেকেই বন্ধ। ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে সন্তানের পড়ালেখার বিভিন্ন তথ্য সংগ্রহসহ পরিচিতজনের সঙ্গে যোগাযোগও করতেন রোজী শারমিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাচ্চার পড়ালেখার তথ্য আদান-প্রদানের জন্য অভিভাবকদের একাধিক গ্রুপের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যুক্ত ছিলাম। পরিবারের প্রয়োজনের বাইরে অন্য কোনো কাজে তেমন ফেসবুক ব্যবহার করি না। এই অ্যাকাউন্টটি বন্ধের কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কাওসার জাহানের অ্যাকাউন্টটিও গত শনিবার থেকে বন্ধ। অ্যাকাউন্ট ফিরে পেতে সেদিনই ফেসবুকের কাছে আবেদন করেন তিনি। তবে ফেসবুক থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাননি। তিনি বলেন, ‘ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে নিরাপত্তা ভঙ্গ হয় এমন কোনো কাজ কখনো করিনি। যে আস্থা নিয়ে ফেসবুকে ছবি, স্মৃতি ও অনুভূতিগুলো গত পাঁচ বছরে জমা করেছি, সেটা কোনো কারণ ছাড়া এভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন।’
ফেসবুক ১২ এপ্রিল এক বিবৃতিতে জানায়, ভুয়া অ্যাকাউন্ট ঠেকানোর কার্যকর উপায় হিসেবে ‘স্প্যাম অপারেশন’ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ অন্য কয়েকটি দেশ থেকে আসা ভুয়া লাইক ও মন্তব্য ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সে এই কার্যক্রমের অংশ হিসেবে ৩০ হাজার ভুয়া অ্যাকাউন্ট সম্প্রতি বন্ধ করে ফেসবুক। এই প্রক্রিয়ায় গত কয়েক দিনে কতসংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান ফেসবুক প্রকাশ করেনি।
এদিকে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই দিনব্যাপী বার্ষিক ডেভেলপার সম্মেলনে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ও নিরাপত্তার বিষয়টি উঠে আসে। এক প্রশ্নের জবাবে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, এটিকে যতটা নিরাপদ করা সম্ভব সেটা করা হচ্ছে। ফেসবুককে ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ করতে ডেভেলপারদের সহযোগিতা চান জাকারবার্গ।
বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক।