ফেসবুকে ভিডিওচিত্র দেখে অপরাধী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক কিশোরীকে চড় মারার একটি ভিডিওচিত্র দেখে রাজধানীর পূর্বাচল সিটির সামনে থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২ এপ্রিল ফেসবুক পেজ ‘মজা লস’-এ একটি ভিডিও আপ করা হয়। সেখানে দেখা যায়, স্কুল-পোশাক পরিহিত এক কিশোর চড় মারছে এক কিশোরীকে। ভিডিওটি প্রথমে আপ করেছিল ওই কিশোরের বন্ধুরা। ফেসবুক পেজ ‘মজা লস’ তাদের শেয়ার করা ভিডিওটিতে কিশোরীর মুখ ঝাপসা করে দিয়ে বলেছিল, নারীদের গায়ে হাত তোলা এ কিশোরের পরিচয় যেন পাওয়া যায়। ভিডিওতে কিশোরের মুখও দেখা যাচ্ছিল না।

দিন দুয়েকের মধ্যেই পরিচয় মেলে ওই কিশোরের। ঘটনাস্থলের সঙ্গে মিল খুঁজে পাওয়ার পর এলাকার বাসিন্দারা ওই কিশোরের পরিচয় জানিয়ে দেয়। পরিচয় পাওয়ার পর ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মাসরুফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে ‘মজা লস’-এর অ্যাডমিন প্যানেল। মাসরুফ সে সময় জাপানে ছিলেন। দেশে ফেরার পরই খোঁজখবর শুরু করেন তিনি। অবশেষে ‘মজা লস’ টিম ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই কিশোরকে শনাক্ত করে গত রোববার রাতে পূর্বাচল সিটির সামনের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ‘কিশোর’ বয়সী হওয়ায় তার নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। গত সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কিশোরীর পরিবার ওই দিনই খিলক্ষেত থানায় একটি মামলা করেছে। কিশোর অপরাধ আইনে তার বিচার হবে বলে পুলিশ জানিয়েছে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক মো. মনির হোসেন প্রথম আলোকে বলেছেন, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ওই কিশোর বলেছে, এ কাজ করে সে ভুল করেছে। তার এক বন্ধু চড় মারার ছবি ও ভিডিও তুলে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বলে দাবি করে ওই কিশোর।


সংশোধনী: এর আগে এই খবরে প্রথম আলোকে দেওয়া ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মাসরুফ হোসেনের যে বক্তব্য প্রকাশিত হয়েছিল তাতে ফেসবুকে আপত্তি জানিয়েছিল ফেসবুক পেজ ‘মজা লস’। পরে বিষয়টি মাসরুফ হোসেনকে জানালে তিনি বিষয়টি সংশোধন করে দেন।