ফেসবুকে মন্তব্য, তদন্তের মুখে শিক্ষা ক্যাডার কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘বিতর্কিত’ মন্তব্য করে তদন্তের মুখে পড়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মোল্লা জালাল উদ্দিনের কাছে উপস্থিত হয়ে তাঁর মন্তব্যের পক্ষে যাবতীয় প্রমাণপত্র ও বক্তব্য দিতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের মুখে পড়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা হলেন ফারহানা বিলকিস। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত এই কর্মকর্তা ইনসিটু (এক জায়গায় চাকরি, অন্যত্র কাজ) হিসেবে রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে কর্মরত আছেন।

মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ২৩ জানুয়ারি ওই কর্মকর্তা তাঁর ফেসবুক টাইমলাইনে একাধিক মন্তব্য করেন। একটি হলো ‘আমলাতন্ত্র নিপাত যাক, শিক্ষা ক্যাডার মুক্তি পাক, আমার মন্ত্রণালয় আমি চালাব, আমার দেশ আমি গড়ব’ এবং আরেকটি মন্তব্য ছিল, ‘শত শত কোটি টাকার বাণিজ্যে বেসরকারি কলেজশিক্ষকদের বিসিএস ক্যাডার বানিয়ে শিক্ষার বারোটা বাজানো কর্মকর্তা এবং বর্তমানের নতুন করে ১৮০০০ জনকে পরীক্ষা ছাড়া বিসিএস ক্যাডার বানানোর জন্য ৩০০ কোটি টাকা যেসব রাঘব বোয়াল পকেটে ভরেছেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক।’ এ ছাড়া তিনি আরেকজন ফেসবুক বন্ধুর অনুরূপ বক্তব্যে ‘জাতীয় দাবি, আমার দাবি, দশের দাবি, দেশের দাবি’ বলে মন্তব্য করা হয় বলে নোটিশে বলা হয়।

মন্ত্রণালয় বলছে, এসব বক্তব্য ‘খুবই গুরুত্বপূর্ণ’। তাই জরুরি ভিত্তিতে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ জন্য তাঁকে প্রমাণপত্রসহ বক্তব্য দিতে বলা হয়েছে।