ফেসবুকে দেওয়া একটি রাজনৈতিক মন্তব্য নিয়ে আতঙ্কে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই গায়িকা অভিযোগ করেন, ওই মন্তব্যের পর তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গ্রামের বাড়িতে পুলিশ অভিযানও চালিয়েছে।
ন্যান্সি বলেন, ‘২১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার পর থেকে আমার কাছে নানা মাধ্যম থেকে হুমকি আসছে। পুলিশের কাছে আমি হয়ে গেলাম ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আশ্রয়দাতা। অবাক হওয়া ছাড়া আমার আর কিছুই বলার নেই।’
ন্যান্সি বলেন, ‘গত মঙ্গলবার পুলিশ আমার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে। পুলিশি অভিযানের পর অনেকে থানায় জিডি করতে বলেছেন। কোনো কারণ ছাড়া যাঁরা এত রাতে গিয়েছিলেন, তাঁরা কি আমার জিডি নেবেন?’
নিজের সক্রিয় রাজনীতির ব্যাপারে ন্যান্সি বলেন, ‘আমি কখনোই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের প্রতি আমার সমর্থন আছে।’
সংবাদ সম্মেলনে ন্যান্সি ছাড়াও বিএনপির নেতা ও চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম, বিএনপির অঙ্গসংগঠন জাসাসের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান, জাসাসের নেতা রিজিয়া পারভীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২১ অক্টোবর সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের পর ওই রাতে ফেসবুকে এ নিয়ে মন্তব্য করেন ন্যান্সি। এতে তিনি বিএনপির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রশংসা করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাও করেন।
বিএনপির নিন্দা: ন্যান্সির বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের দুঃশাসন থেকে জাতি মুক্ত হলে ন্যান্সির বাড়ি তল্লাশির নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।