ফেসবুকে মিলল লাশের পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থেকে গত শনিবার অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার হওয়া লাশের পরিচয় সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকের মারফত নিশ্চিত হওয়া গেছে। তিনি নারায়ণগঞ্জের মাইক্রোবাসচালক খলিলুর রহমান (৫০)। গত মঙ্গলবার রাতে লাশের পরিচয় ও মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত হয় পুলিশ।
অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধারের পর দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির লাশের পরিচয় নিশ্চিত হয়েছেন বলে জানান। তিনি বলেন, লাশটি ২ মে উদ্ধারের পর রাতে তিনি নিহত ব্যক্তির মুখমণ্ডলের একটি ছবি নিজের ফেসবুক পেজে দেন। নানাজনের মাধ্যমে শেয়ার হতে হতে শেষে ছবিটি দেখেন নারায়ণগঞ্জের এক পরিবহনশ্রমিক। তাঁর মারফতে জানতে পেরে গত মঙ্গলবার রাতে থানায় এসে লাশের পূর্ণাঙ্গ ছবি ও পরনের কাপড় দেখে নিহত ব্যক্তির চাচা চান মিয়া শেখ লাশের পরিচয় নিশ্চিত করেন। নিহত খলিলুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নূরবাক এলাকার বাসিন্দা ছিলেন।
নিহত ব্যক্তির স্বজন ও নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি-শ্রমিক সমিতি সূত্রে জানা যায়, ১ মে রাতে ছিনতাইকারীরা চালক খলিলুরকে হত্যা করে গাড়িটি ছিনতাই করে। ওই রাতে একাধিকবার সমিতির পক্ষ থেকে চালক খলিলুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।
রাজধানী ঢাকায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) দেবেন্দ্র চন্দ্র দাস জানান, তাঁর নোহা মাইক্রোবাসের চালক ছিলেন খলিলুর। গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে রিজার্ভ ভাড়া নিয়ে খলিলুর কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় যান। ২ মে সকালে গাড়ি নিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু সময়মতো না ফেরায় তিনি নারায়ণগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি-শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেন জানান, খলিলুর তাঁরই শ্রমিকসংগঠনের সদস্য ছিলেন। রিজার্ভ ভাড়া নিয়ে যাওয়ার পর সময়মতো না ফেরায় খলিলুরের পরিবারের পাশাপাশি তাঁরাও খোঁজখবর নিতে থাকেন। গত মঙ্গলবার সকালে তাঁদেরই আরেক পরিবহনশ্রমিক সদস্য ফেসবুকে খলিলুরের লাশের ছবি দেখতে পান। এরপর তাঁরা ওই রাতেই শেরপুর থানায় আসেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, দুর্বৃত্তরা মাইক্রোবাসটি ছিনতাইয়ের পর চালক খলিলুরকে হত্যা করে লাশ শেরপুর এলাকায় ফেলে গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অনুসন্ধান এবং মাইক্রোবাসটি উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
শেরপুর থেকে লাশটি উদ্ধারের পর এ ঘটনায় ৩ মে প্রথম আলোর বিশাল বাংলায় ‘লাশ উদ্ধার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।