ফেসবুকে লিখে রাজনীতির পরিবর্তন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুথ লিডারশিপ সামিট-২০১৪-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। ছবি: পিআইডি
ইয়ুথ লিডারশিপ সামিট-২০১৪-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। ছবি: পিআইডি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রাজনীতিবিদদের গালি দিয়ে, ফেসবুকে মতামত লিখে বা চায়ের কাপে ঝড় তুলে রাজনীতির পরিবর্তন সম্ভব নয়। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে দেশের তরুণ সমাজকে এর অংশ হয়ে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইয়ুথ লিডারশিপ সামিট-২০১৪-এ ‘রাজনীতি ও সরকারে তরুণ’ শীর্ষক সেশনে সভাপতির বক্তব্যে শাহরিয়ার আলম এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত তিন দিনব্যাপী এই সামিট আজ শেষ হয়েছে। খবর তথ্য বিবরণীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও সুস্থ রাজনীতির অনুমতি প্রদান করতে হবে। তিনি বলেন, মিটিং-মিছিলে না গিয়েও যাঁরা রাজনীতিতে অবদান রাখতে চান তাঁদের মতামতও গ্রহণ করতে হবে। তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে।
শাহরিয়ার আলম রাজনীতির নেতিবাচক কর্মকাণ্ড দ্বারা রাজনীতিবিমুখ ও হতাশ না হয়ে বরং সাহসিকতার সঙ্গে এসব মোকাবিলার মাধ্যমে একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য যুবক ও ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।