ফেসবুকে শিক্ষকদের সমালোচনা করায় বিভাগীয় তদন্ত!

ফেসবুকে শিক্ষকদের সমালোচনা করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। তাদের গঠিত তদন্ত কমিটির নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষার্থীরা কমিটির সামনে হাজির হন।
জানতে চাইলে বিভাগের সভাপতি মো. শরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে ফেসবুকে ট্রল বানানো হয়েছে। এতে শিক্ষকেরা আহত হয়েছেন। তাই একটা প্রাথমিক সত্যাসত্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এর ভিত্তিতে আমরা করণীয় নির্ধারণ করব। তবে আমরা চাইনি ছোট বিষয়টি বিভাগের বাইরে যাক।’
ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা প্রায় দেড় বছর ধরে ‘বিজিইয়ান্স ডেমোক্র্যাট’ নামে একটি ফেসবুক পাতা চালান। সম্প্রতি সেখানে অনেকেই শিক্ষকদের সমালোচনা করে ‘ট্রল’ পোস্ট করেন। ট্রল হলো ছবির ভেতরে ক্যাপশন দিয়ে প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক বিষয় লেখা। এর মূল উদ্দেশ্য মজা করা। ওই ট্রলে উল্লেখ করা হয়, শিক্ষকেরা সময়সূচিতে নির্ধারিত সময়ের দেড়-দুই ঘণ্টা পর ক্লাসে আসেন, ইন্টারনেট থেকে স্লাইড ডাউনলোড করে ক্লাসে পড়ান, যা শিক্ষকেরা পারেন না তা বাদ দেন ইত্যাদি। বিষয়টি নজরে আসার পর বিভাগের শিক্ষকেরা ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন। যারা এসব পোস্টে ‘লাইক’ বা ‘কমেন্ট’ করেছেন, তাঁদেরও নোটিশ দিয়েছে কমিটি। বিভিন্ন ব্যাচের সব মিলিয়ে প্রায় ৮০-৮২ জনকে এ নোটিশ দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব লেখেননি। নিজেদের মধ্যেই বিভাগীয় এসব সমস্যা নিয়ে আলোচনা হতো। শিক্ষকেরা দুঃখ পেলে তাঁরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কমিটি অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীদের সবাই এসেছিলেন। এর আগে গত ৩১ জুলাই শিক্ষকেরা ওই শিক্ষার্থীদের নিয়ে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে বসেছিলেন। তখন কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের পা ধরে ক্ষমাও চান। এরপরও তদন্তের বিষয়টি এগিয়ে নেওয়া হয়। পাশাপাশি বিভাগের ৪২ এবং ৪৩তম ব্যাচের গতকাল বৃহস্পতিবারের এবং ৭ আগস্টের দুটি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর সঙ্গে ওই ঘটনার যোগসূত্র আছে বলে দাবি শিক্ষার্থীদের।
তদন্ত কমিটির আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, ‘বিষয়টি নিয়ে একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। তারপরই শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তাঁরা ভুলত্রুটি করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্বও তো আমাদেরই।’
তবে এসব যুক্তি মানতে নারাজ বিশ্ববিদ্যালয়েরই একাধিক অধ্যাপকসহ অনেক শিক্ষক। তাঁরা বলছেন, এমন একটি ঘটনায় বিভাগ থেকে তদন্ত কমিটি করে শিক্ষার্থীদের ডেকে পাঠানোর বিষয়টি বিধিবহির্ভূত।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, এখানে বাদী শিক্ষকেরা। তাঁরা নিজেরাই তদন্ত কমিটি গঠন করতে পারেন না। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারতেন।
ফার্মেসি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ছাত্রশৃঙ্খলা বিধির কোথাও লেখা নেই যে ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগ তদন্ত কমিটি গঠন করতে পারবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল।