ফেসবুকে সুশীলদের সমালোচনা জয়ের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সুশীল সমাজের তীব্র সমালোচনা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ মনোভাব প্রকাশ করেন।
জয় লিখেছেন, ‘সুশীল সমাজের লোকেরা ২০০৬ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রস্তাব করেছিল। ২০০৬ সালের শেষ ভাগের কোনো এক সময় আমি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের বাসায় রাতের খাবারের আমন্ত্রণে গিয়েছিলাম। এখন যেসব সুশীল সমাজের লোকেরা আসন্ন নির্বাচন বন্ধ করতে দাবি জানাচ্ছেন তারা প্রায় সকলেই সেই আমন্ত্রণে উপস্থিত ছিলেন।’
ওই দিনের ঘটনা সম্পর্কে জয় লিখেছেন, ‘বিএনপি জালিয়াতির মাধ্যমে এক কোটি ৪০ লক্ষ ভুয়া ভোটার দিয়ে একটা ভোটার তালিকা তৈরি করেছিল এবং সেই সাথে তারা স্থানীয় সরকার নির্বাচনসহ ঢাকা-১০ উপনির্বাচনে ব্যাপক কারচুপি করেছিল। আমরা আলাপ-আলোচনা করছিলাম যে, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করলে কী হতে পারে। গতদিনের গোলটেবিল বৈঠকের একজন বিশিষ্ট ব্যক্তি তখন সামরিক বাহিনীর ক্ষমতা দখলে নেওয়ার কথা প্রস্তাব করেছিল।’
জয় দাবি করেন, তিনি সেদিন তাঁদের যুক্তি দেখিয়েছিলেন যে সামরিক বাহিনীর ক্ষমতা দখল সম্পূর্ণ অসাংবিধানিক। তিনি লিখেছেন, ‘কিন্তু ১/১১-এর পর আমি বুঝতে পারি যে তারা সবাই কিসের পরিকল্পনা করছিল। তারা সেই রাতে আমার সামনে তাদের পরিকল্পনা ভুল করে ফাঁস করে দিয়েছিল।’
জয় অভিযোগ করেন, ‘একই ব্যক্তিরা একই অপতত্পরতা চালাচ্ছে।’ তিনি এগুলো থামিয়ে সংবিধান থেকে পথভ্রষ্ট না হওয়ার আহ্বান জানান। তাঁর মত, ‘বিরোধী দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বয়কট করে এই সুযোগ তৈরি করেছে। তাদের মূল উদ্দেশ্য হলো, নির্বাচনটিকে বিতর্কিত করে আরেকটি তৃতীয় শক্তিকে সুযোগ করে দেওয়া। তাদের সফল হতে দেবেন না। এটি বিফল করার এখন একটিই রাস্তা, আর তা হলো ভোট। সাংবিধানিক শূন্যতা তৈরি যেন না হয় তাতে, নিখুঁত না হলেও এই নির্বাচনের কোনো বিকল্প নাই।’ তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রতিদানে তিনি বাংলাদেশের সমৃদ্ধি ও জীবনমান আরও উন্নত করার আশ্বাস দেন।