ফেসবুকে স্ট্যাটাসের জেরে গ্রেপ্তার টিটুর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে জ্বলছে ঘরবাড়ি। ১০ নভেম্বর, হরকলি ঠাকুরপাড়া, রংপুর। প্রথম আলো ফাইল ছবি
আগুনে জ্বলছে ঘরবাড়ি। ১০ নভেম্বর, হরকলি ঠাকুরপাড়া, রংপুর। প্রথম আলো ফাইল ছবি

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় রংপুরের টিটু রায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

ফলে টিটু রায়ের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

আদালতে টিটু রায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. বদিউজ্জামান তপাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

আদেশের বিষয়টি জানিয়ে বদিউজ্জামান তপাদার প্রথম আলোকে বলেন, এমডি টিটু নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ওই স্ট্যাটাস দেওয়া হয়। বাদীর দাখিল করা ছবি এবং টিটু রায়ের জব্দ করা মুঠোফোন ও সিম কার্ড পরীক্ষায় টিটু রায় ওই অবমাননাকর পোস্ট দিয়েছেন, তা এখনো প্রমাণিত হয়নি। এমন যুক্তি তুলে ধরা হলে হাইকোর্ট রুলসহ টিটু রায়কে ছয় মাসের জামিন দিয়েছেন।

আগুনে জ্বলছে বাড়ি, সামনে বৃদ্ধার আহাজারি। ১০ নভেম্বর, হরকলি ঠাকুরপাড়া, রংপুর। প্রথম আলো ফাইল ছবি
আগুনে জ্বলছে বাড়ি, সামনে বৃদ্ধার আহাজারি। ১০ নভেম্বর, হরকলি ঠাকুরপাড়া, রংপুর। প্রথম আলো ফাইল ছবি

আইনজীবী সূত্র বলেছে, ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযাগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে গত বছরের ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে গঙ্গাচড়া থানায় মামলা হয়। মামলাটি করেন রাজু মিয়া নামের এক ব্যক্তি। নীলফামারীর জলঢাকা থেকে ১৩ নভেম্বর টিটুকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় রংপুরের দায়রা আদালতে টিটু জামিন চাইলে চলতি বছরের ১৫ এপ্রিল তা নামঞ্জুর হয়। এ অবস্থায় টিটু রায়ের স্বজনেরা আইনি সহায়তার জন্য ব্ল্যাস্টের শরণাপন্ন হন। গত মাসের শেষ দিকে টিটু রায়ের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়, যার ওপর আজ শুনানি হয়।

গত বছরের নভেম্বরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের টিটু নামের এক ব্যক্তি ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননাকর পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। তবে বহুদিন থেকেই টিটু ঠাকুরপাড়ায় গ্রামে থাকতেন না। নারায়ণগঞ্জে থাকতেন। তা সত্ত্বেও একটি মহল টিটুকে গ্রেপ্তারের দাবি তুলে জনতাকে উন্মত্ত করে তোলে। ১০ নভেম্বর তারা ঠাকুরপাড়ায় হামলা করে টিটুর বাড়িসহ আটটি পরিবারের ১৮টি ঘর পুড়িয়ে দেয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশ শতাধিক গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গুলিতে সদর উপজেলার খলেয়া গ্রামের চা দোকানি হাবিবুর রহমান নিহত হন। পুলিশের দাবি, হাবিবুর জামায়াতের কর্মী।