‘গুনে গুনে ঘুষ খান তিনি’ শীর্ষক প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোড়ন তুলেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়ন্ত্রক মো. শহিদুল হকের ঘুষ গ্রহণের ওপর এই প্রতিবেদনটি গত শুক্রবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়।
মুদ্রিত সংস্করণের বাইরে অনলাইনে প্রতিবেদনটির সঙ্গে ঘুষ লেনদেনের ৬ মিনিট ৪২ সেকেন্ডের যে ভিডিও চিত্র ছিল, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত তা ৫৮ হাজার ১৮৮ বার দেখা হয়েছে। ভিডিও আপলোড চ্যানেল জেডব্লিউ প্লেয়ারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ফেসবুকের অ্যাডমিন প্যানেল থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিবেদনটি ১২ লাখ ৩১ হাজার ৩২৯ জনের কাছে পৌঁছেছে। ফেসবুকে মোট শেয়ার হয়েছে ৩১ হাজার ৬৫৮টি। যার মধ্যে প্রথম আলো সাইট থেকে হয়েছে ৩০ হাজার এবং প্রথম আলো ফেসবুক পেজ থেকে হয়েছে ১ হাজার ৬৮৯টি।
প্রতিবেদনটির ওপর ফেসবুকে মন্তব্য পড়েছে ৫৪০টি আর ‘লাইক’ পড়েছে ২২ হাজার ৪৭৬টি। টুইটার থেকেও ৩৩টি টুইট হয়েছে।
অনলাইনে প্রতিবেদনটির ওপর বহুমাত্রিক মন্তব্য করেছেন পাঠক। বেশির ভাগ পাঠকেরই আশঙ্কা, শহিদুল হকের কিছু হবে না। অনেকে আবার সরকারকে পরামর্শও দিয়েছেন শহিদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
কেউ কেউ মন্তব্য করেছেন, ‘দেশের প্রতিটি সরকারি অফিসের নিয়মিত চিত্র এটি, তবে সবগুলো ভিডিওতে আসে না’, ‘এসব ব্যাপার ম্যানেজ হয়ে যাবে’, ‘তদন্ত করছেন তাঁরই মন্ত্রণালয়ের একজন সহকর্মী’, ‘ঘুষের টাকা যখন টেবিলের নিচ দিয়ে হয়, তখন এটা নিয়ন্ত্রণযোগ্য, ওপর দিয়ে হলে বুঝতে হবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’। ‘দুদক থেকে ওনাকে দায়মুক্তির সনদ দেওয়া হোক আর ভিডিও ধারণকারীকে তথ্যপ্রযুক্তি আইনে ধরা হোক।’ ‘এক শহিদুল যাবে, আরেক শহিদুল আসবে’। ‘একজনকে দিয়ে শাস্তি শুরু হোক, তবেই আস্তে আস্তে বন্ধ হবে।’ এ রকম ১৫২টি মন্তব্য পড়েছে প্রতিবেদনটির নিচে।
এদিকে প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রক মজিবুর রহমান। গতকাল বিকেলে মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় তিনি বলেছেন, তাঁকে উদ্ধৃত করে প্রকাশিত ‘তাঁর সই শহিদুল হক করছেন ঠিক, তবে ব্যাপারটি নিয়ে বাণিজ্যসচিবের সঙ্গে মৌখিক আলাপ করে সম্মতি নিয়েছেন’—কথাটি সঠিক নয়। বরং প্রশাসনিক প্রধান হিসেবে নিজ ক্ষমতাবলে প্রধান কার্যালয়ে অন্য কোনো কর্মকর্তা না থাকায় ঢাকা কার্যালয়ের নিয়ন্ত্রক ও উপনিয়ন্ত্রককে নথি উপস্থাপনের নির্দেশ দেন তিনি। এ ব্যাপারে বাণিজ্যসচিব বা বাণিজ্য মন্ত্রণালয়ের কেউই অবগত নন।
শহিদুল হকের প্রতিবাদ: গতকাল রাতে এক ফ্যাক্স বার্তায় প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট, বিদ্বেষপ্রসূত এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন শহিদুল হক। তিনি বলেছেন, ভিডিওটি কারসাজি মাত্র। সেখানে যে অস্পষ্ট ও হালকা কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে ঘুষ লেনদেন-সংক্রান্ত কিছুই নেই। অস্পষ্টভাবে হাতের যে অংশ দেখা যাচ্ছে, সেটি কার তা-ও বোঝা যাচ্ছে না।
প্রতিবাদপত্রে শহিদুল হক বলেন, ‘কথিত টাকা গোনার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তা আমার নিজের টাকা। আমার অফিস সহায়কের মাধ্যমে ব্যাংক থেকে তুলে গণনা করি অথবা আমার কোনো বিল পরিশোধের জন্য পাঠিয়ে থাকি। ভিডিওতে যে অস্পষ্ট হাতের অংশ দেখা যাচ্ছে, তা আমার অফিস সহায়কের হাত, যা আমার নিজের টাকা লেনদেনেরই অংশ, ঘুষ গ্রহণ নয়।’
এসব বিষয় কেউ কোনোভাবে ভিডিও করে প্রথম আলোর কাছে পাঠিয়েছে দাবি করে শহিদুল আরও বলেন, কিছু মধ্যস্বত্বভোগী দালাল জোর করে অফিসে ঢুকে জাল কাগজপত্রের মাধ্যমে দীর্ঘদিন অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন, যা তিনি বন্ধ করে দিয়েছেন এবং সংক্ষুব্ধ দালালদেরই কেউ তাঁর চরিত্র হননসহ জাল ভিডিও তৈরি করেছেন।
প্রতিবেদকের বক্তব্য: শহিদুল হক ঘুষ নেননি দাবি করলেও ভিডিও চিত্রে সবকিছুই স্পষ্ট। তিনি টাকা গুনে নিচ্ছেন এবং এ বিষয়ে দর-কষাকষি করছেন, সেটাও বোঝা যায়। তা ছাড়া ভিডিওটি মন্ত্রণালয়ের কাছেও রয়েছে এবং মন্ত্রণালয় সেটি দেখে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি এখন এ বিষয়ে তদন্ত করছে।