ফেসবুকের কল্যাণে ছেলের সন্ধান

১৪ ফেব্রুয়ারি রোববার খেলতে গিয়ে হারিয়ে যায় মানসিক প্রতিবন্ধী লিমন মিয়া (১৪)। ফেসবুকে ছবি দেখে গতকাল শুক্রবার তাকে ফিরে পেয়েছেন বাবা-মা। লিমনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায়। তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের কান্দাপাড়া এলাকায় পাওয়া যায়।
লিমনের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে বাড়ির বাইরে খুব একটা বের হয় না। গত রোববার বেলা ১১টার দিকে প্রতিবেশী কয়েকটি ছেলের সঙ্গে খেলতে বাড়ি থেকে একটু দূরে মাঠে যায়। আধা ঘণ্টা পর জানতে পারি লিমনকে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজতে এলাকায় মাইকিং করি। পরদিন ১৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করি। পরে ফেসবুকে ছবি দেখে এক আত্মীয় জানালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আমরা বাঞ্ছারামপুরে যোগাযোগ করি। পরদিন ভোর সাড়ে ছয়টার দিকে গিয়ে ছেলেকে নিয়ে আসি। যাঁরা আমার ছেলেকে আশ্রয় দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বাঞ্ছারামপুর থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মজিবুর রহমান বলেন, সোমবার বাঞ্ছারামপুর গ্রামের কান্দাপাড়া এলাকার কৃষক ছিদ্দিক মিয়া বাড়ির পাশে রাস্তায় একটি ছেলেকে দেখেন। ছেলেটি নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছিল না।
ছিদ্দিক মিয়া বলেন, ‘ছেলেটির খোঁজ পেতে মঙ্গলবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত মাইকিং করাই। ওই দিন প্রতিবেশী ফারুকুল ইসলাম লিমনের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তা দেখে ফারুকুলের সঙ্গে লিমনের এক আত্মীয় যোগাযোগ করেন। লিমনকে মা-বাবার
কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা অনেক খুশি।’