ফেসবুকের কল্যাণে মিলল ভাতার কার্ড, সাহায্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমেনা বেগম
মমেনা বেগম

স্বামী মারা গেছেন অনেক আগেই। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো রকমে তাঁর দিন চলে। অবশেষে ৯০ বছর বয়সে বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন মমেনা বেগম। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মমেনা বেগমের স্বামী বাতাসু শেখ প্রায় চার দশক আগে মারা যান। গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে তিন ছেলে ও এক মেয়েকে বড় করেন তিনি। দুই ছেলে মারা গেছেন। আরেক ছেলে অন্যত্র থাকেন। মমেনা বেগম গ্রামের এক ব্যক্তির জমিতে ঘর তুলে একাই থাকেন। বর্তমানে হাঁটাচলা করাও তাঁর পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। গ্রামবাসী ও প্রতিবেশীদের সহযোগিতায় কোনো রকমে তাঁর দিন কাটে। ‘৯০ বছর বয়সেও জুটল না বয়স্ক ভাতার কার্ড’ বিষয়ক ফেসবুকের একটি পোস্ট জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের নজরে আসে। খোঁজখবর নিয়ে তিনি মমেনা বেগমের বিষয়ে জানতে পারেন। তাঁকে সহায়তার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার মমেনা বেগমের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল ছালাম। তাঁর হাতে বয়স্ক ভাতা ও ১০ টাকা কেজি চালের কার্ড তুলে দেন। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা ও তিন বান্ডিল টিন দেওয়া হয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, চাটাইয়ের বেড়া ও টিনের ছাউনি দেওয়া কুঁড়েঘরে মমেনা বেগম থাকেন। ঘরে কোনো আসবাব নেই। বয়সের ভারে তিনি ন্যুব্জ। তিনি কম শোনেন। কথা বলতেও তাঁর কষ্ট হয়। প্রতিবেশী খায়রুল ইসলাম বলেন, গ্রামের লোকজন ও প্রতিবেশীরা তাঁর (মমেনা বেগম) দেখাশোনা করেন। সরকার থেকে সাহায্য পাওয়ায় তাঁর অনেক উপকার হলো।
ইউএনও প্রথম আলোকে বলেন, ওই বৃদ্ধার বিষয়টি ফেসবুকের মাধ্যমে প্রশাসনের নজরে আসার পর তাঁকে সহায়তা করা হচ্ছে। তাঁর খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।