ফেসবুকের কল্যাণে হাসপাতালে সবুজ-জাহিদ
পেটের অন্ত্র (নাড়িভুঁড়ি), যকৃৎ, প্লীহা, একদিকের কিডনি—এগুলো পেটের ভেতরে থাকার কথা। তবে এগুলো পেটের বাইরে (শুধু পাতলা আবরণের ভেতর) নিয়ে জন্ম হয়েছে সিরাজগঞ্জের সবুজের। তার বয়স এখন ১৩ বছর। সে তৃতীয় শ্রেণিতে পড়ছে।
অন্যদিকে সিরাজগঞ্জেরই আরেক শিশু জাহিদ। মানুষের জিব মুখের ভেতরে থাকলেও তার জিবটি বাইরে বের করা। এভাবেই তার জন্ম। আট বছর বয়সী জাহিদ এখন খুব অল্প সময়ের জন্য জিব মুখের ভেতরে রাখতে পারে—এতেই তার দমবন্ধ হয়ে আসে বলে জিব আবার বের করে ফেলে।
সবুজ ও জাহিদ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি। রোববার বিশেষ বোর্ড বসে এই দুই শিশুর বিষয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। এই দুই শিশুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আসতে সহায়তা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাস মানুষকে সহায়তা করতে বেছে নিয়েছেন ফেসবুকের দেয়াল। ফেসবুকের ইনবক্সে যে ব্যক্তির সহায়তা প্রয়োজন, সেই ব্যক্তি নিজে বা অন্যরা মামুনের সঙ্গে যোগাযোগ করেন। তারপর মামুন নিজে যান বা অন্য এলাকার হলে ফেসবুকের বন্ধুদের ঘটনা সত্য কি না, তা জানার জন্য পাঠান। সব তথ্য সত্য মনে হলে তখন মামুন ছবি, ভিডিওসহ ফেসবুকে সহায়তা চেয়ে পোস্ট দেন। প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে যে ব্যক্তির জন্য যখন যে সহায়তা পাওয়া যায়, তার হাতে তা তুলে দেওয়া হয়, যাতে কারও মনে কোনো সংশয় না থাকে।
সবুজ ও জাহিদকে নিয়েও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই মামুন বিশ্বাস। ফেসবুকে মামুন বিশ্বাসের পোস্ট চোখে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের। তারপরের ঘটনাবলি এগিয়েছে দ্রুত।
সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বলতে পারেন আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাকটিভ। আমি নির্বাচন কমিশনে সচিবের দায়িত্ব পালন করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসার পর স্বাস্থ্য-সংশ্লিষ্ট ফেসবুকের বিভিন্ন পোস্ট বিভিন্ন জন আমাকে ট্যাগ করেন। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা মামুন বিশ্বাসের পোস্ট আমাকে ট্যাগ করেন। আমি কিছু বললে সবাই তা শুনে, সে ভরসাতেই কিছু করার চেষ্টা করি। স্বাস্থ্য অধিদপ্তর, সিরাজগঞ্জের সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পোস্টের দুই শিশুর কথা বলার পর কাজটা দ্রুত হয়। বলতে পারেন ডিজিটাল বাংলাদেশের সুফলটাকে কাজে লাগাতে চেয়েছি। আমি শুধু শিশু দুটির জন্য কিছু করার অনুরোধ করেছি। আনুষ্ঠানিকতা করতে গেলে এতে অনেক সময় লাগত।’ সচিব জানালেন, তাঁর একান্ত সচিব শামীম আহমেদও এ কাজটিতে তাঁকে সহায়তা করেছেন।
শামীম আহমেদ একসময় সিরাজগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন তাঁর মামুন বিশ্বাসের সঙ্গে পরিচয় হয়। সে যোগাযোগ এখনো আছে।
এ ধরনের রোগীর ক্ষেত্রে সব সময় সহায়তা করার চেষ্টা করেন বলে মামুন বিশ্বাস প্রথম আলোকে জানিয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীদের সার্বিক খোঁজখবরও নেন।
এই দুই শিশুর ঢাকা আসার কাজটাকে আর একটু দ্রুত করতে এগিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আশরাফ উল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘সচিব সিরাজুল ইসলামের ফেসবুক ওয়ালে শিশু দুটির পোস্ট দেখে স্যারকে বলি এই শিশু দুটির চিকিৎসা আমার বিভাগে করা সম্ভব। তারপর হাসপাতালের পরিচালকের মাধ্যমে অন্যান্য প্রক্রিয়া শেষে শিশু দুটি এখন হাসপাতালে ভর্তি।’
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর সঙ্গে কথা হয়।
সবুজের পেটের সঙ্গে লাগানো ফুটবলের আকৃতির আলাদা অংশটির ওপরের আবরণীটি প্রকৃতিগতভাবে শক্ত হয়ে আছে। ব্যথা নেই। তার পুরো শরীর লিকলিকে।
সবুজের দাদি নূরজাহান জানালেন, সবুজের জন্ম বাড়িতেই হয়েছে। জন্মের তিন দিন পর সিরাজগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা কিছু সিরাপ খাওয়ানোর জন্য বলেন, আর বলে দেন, সবুজ বাঁচবে না। আর একবার সবুজ যখন হাঁটে, তখন নেওয়া হয় ক্লিনিকে। কিন্তু কোনো আশার কথা বলেন না চিকিৎসকেরা। তারপর আর কখনোই কোনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। মামুন বিশ্বাস যোগাযোগ করার পর এখন একবারে ঢাকায়।
সবুজের বাবা নূর ইসলাম মাছ ধরার কাজ করেন। সবুজের দুই ভাই ও এক বোন আছে।
সবুজের দাদি নূরজাহান জানালেন, জন্মের সময় সবুজের নাড়িভুঁড়ি সাদা পাতলা পর্দার ভেতরে ছিল, যা বাইরে থেকেই দেখা যেত। তিনি বললেন, ‘আমার মন বলে না নাতি ভালো হবি।’
সব সময় জিব বাইরে বের হয়ে থাকা জাহিদের বাবা আলিম উদ্দিন কৃষক। মা জাহেদা বেগম। তাঁদের দুই মেয়ে এক ছেলে। জাহিদের জন্মও বাড়িতেই হয়েছে। জন্মের পর একবার ঢাকা শিশু হাসপাতাল পর্যন্ত এনেছিলেন ছেলেকে। পরে টাকাপয়সার অভাবে আর চিকিৎসা করতে পারেননি।
জাহিদের কথা অস্পষ্ট। মা জাহেদার প্রশ্ন, অস্ত্রোপচার করলে কি তাঁর ছেলে কথা বলতে পারবে? এ ছেলে জন্মের পর শ্বশুরবাড়ির লোকেরা অনেক খারাপ কথা বলেছেন। তাই স্বামী-সন্তানসহ জাহেদা তাঁর বাবার বাড়িতেই থাকছেন। ছেলেকে স্কুলে ভর্তি করতে চাইলেও শিক্ষকেরা ভর্তি করেননি। এখন জাহিদের জিব বাইরে থাকতে থাকতে শুকনা বা ড্রাই হয়ে যাচ্ছে। সেখানে অনেক ব্যথা হয়।
মামুন বিশ্বাস ফেসবুকে সহায়তা চেয়ে পোস্ট দেওয়ার পর সবুজের জন্য সহায়তা পাওয়া গেছে ৮০ হাজার টাকা। আর জাহিদের জন্য পাওয়া গেছে ৫৮ হাজার টাকা। দুই পরিবারের সদস্যরাই জানালেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে মামুন বিশ্বাস সে টাকা তাঁদের হাতে তুলে দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ উল হক প্রথম আলোকে বলেন, জাহিদের জিব বের হয়ে থাকার সমস্যাটি লসিকা গ্রন্থির টিউমার বলে সন্দেহ করা হচ্ছে। তার অস্ত্রোপচার করা তুলনামূলকভাবে সহজ হবে। তবে সবুজের বিষয়টি একটু জটিল হবে। রোববার বোর্ড বসে সিদ্ধান্ত নেবে এই দুই শিশুর বিষয়ে করণীয় কী।
আশরাফ উল হক বলেন, এই শিশুদের আরও কম বয়সে হাসপাতালে আনা হলে কাজটি সহজ ছিল। এখন এই দুই শিশুর চিকিৎসা সরকারিভাবে বিনা মূল্যে হচ্ছে বলেও তিনি জানান।