ফেসবুকের কাছে আলাদা ডেস্কের প্রস্তাব দেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে দেশভিত্তিক আলাদা ডেস্ক ও ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবে বাংলাদেশ। ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সভায় এ প্রস্তাব দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থানের অন্যতম কারণ হলো সামাজিক যোগাযোগের মাধ্যম। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ‘র্যা ডিকেলাইজেশন’ অনলাইনে হচ্ছে এবং জঙ্গিবাদের বিস্তার বাড়ছে। এর পরিপ্রেক্ষিতেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরা হবে।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকের নিজস্ব নীতিতে আলাদাভাবে দেশভিত্তিক ধারা যেমন বাংলাদেশের জন্য আলাদা ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হবে। এর কারণ হলো বাংলাদেশের যে ধারা থাকবে, তাতে এ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস, কোনটি মানহানিকর এবং কীভাবে অনলাইনে মৌলবাদ ছড়ায় তা বলা থাকবে। আর ডেস্কে অনুবাদক থাকবেন, তাঁরা বিশ্লেষণ করে দেখবেন সংশ্লিষ্ট বিষয় কী প্রভাব ফেলে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ ছাড়া তদন্তাধীন মামলায় তৎক্ষণাৎ তথ্য চাওয়া হবে এবং সুনির্দিষ্ট ফোকাল পয়েন্টের তালিকা দেওয়া হবে, যাদের অনুরোধে সাড়া দেওয়ার অনুরোধ করা হবে। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রস্তাব সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, ফেসবুকের যে নীতিমালা আছে, সেখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বলা আছে, সরকার স্বীকৃত ডকুমেন্টগুলোই তারা গ্রহণ করবে। এটাকে কঠোরভাবে প্রতিপালন ও মনিটর করতে বলা হবে।
তারানা হালিম বলেন, দেশের ভেতর আইএসপিদের লাইসেন্সের শর্ত হিসেবে ছয় মাসের ‘লগ মেনটেইন’ করতে হবে। যদি কোনো আইএসপি এই শর্ত প্রতিপালন না করে তাহলে নোটিশ দিয়ে লাইসেন্স বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।
সাম্প্রতিক কয়েক বছরের তথ্য দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকের কাছে যত অভিযোগ পাঠানো হয়েছে, তাতে ক্রমান্বয়ে সাড়ার হার বাড়ছে ও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। কী ধরনের অভিযোগ করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্মীয় উসকানিবিষয়ক অভিযোগ বেশি ছিল। এরপরই ছিল জঙ্গিবাদ।