ফেসবুকের মাধ্যমে মানবাধিকার রক্ষা করছে কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস আগে একজন লিখেছেন, ‘আমি মনে করি মানবাধিকার কমিশন সংখ্যালঘুদের ওপর পরিচালিত অত্যাচারের ঘটনা সঠিকভাবে আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছাতে পারেনি। এই ব্যাপারে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, আপনারা ছাড়া এদেরকে সাহায্য করার কেউ নেই।’ এই পোস্টের উত্তরে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ঘটনার পর সরেজমিন তদন্তসহ যা যা করা দরকার, কমিশনের পক্ষ থেকে সবই করা হয়েছে। অন্য একজন কমিশনকে গালি দিয়ে বলেছেন, এই ধরনের কমিশনের পেছনে জনগণের অর্থই খরচ হচ্ছে। আবার কেউ কেউ কমিশনের গুণগানও করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় মানবাধিকার কমিশনের নিজস্ব পেজের ওয়ালে এসব মন্তব্য করা রয়েছে। রিলিফ ইন্টারন্যাশনালের সহায়তায় একটি প্রকল্পের আওতায় গত বছরের জুলাইয়ে পেজটি খোলে কমিশন। এ পেজ খোলার উদ্দেশ্য হচ্ছে, জনগণের মানবাধিকার রক্ষা ও কমিশনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানো। কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনেও (২০১৩) ফেসবুকের মাধ্যমে কমিশন কীভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, তার বিবরণ আছে।

চার মাস আগে কমিশনের পক্ষে ফেসবুকের এই পেজটি দেখভালের দায়িত্ব পান কমিশনের সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ফেসবুকের এ পেজের মাধ্যমে মানবাধিকার রক্ষায় খুব বেশি পরিবর্তন আনা সম্ভব হচ্ছে, তা বলা যাচ্ছে না। এ ছাড়া এ পেজের মাধ্যমে কারও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে, তার নজিরও নেই এখন পর্যন্ত।’

ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে কী ধরনের অভিযোগ পাচ্ছেন, জানতে চাইলে এম রবিউল ইসলাম বলেন, ‘কম বয়সী ছেলে-মেয়েরা প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছে বা প্রতারণার শিকার হয়েছে বলে জানায়। এ ছাড়া পারিবারিক নির্যাতনের শিকার নারীরা সহায়তা বেশি চান। অনেকে কমিশনের চেয়ারম্যানের ব্যক্তিগত টেলিফোন নম্বর জানতে চান। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকার অভিযুক্ত, সে ধরনের অভিযোগ কম পাওয়া যায়।’

তবে নগরের একটি হোটেলে ‘সামাজিক যোগাযোগের মাধ্যম ও মানবাধিকার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এ পেজ উদ্বোধনের সময় কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছিলেন, ‘মানবাধিকার রক্ষায় সামাজিক যোগাযোগের মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কমিশন ও জনগণের মধ্যে এ মাধ্যম একটি সেতু হিসেবে কাজ করবে।’

ফেসবুকে কমিশনের কাছে এ পর্যন্ত মোট কতজন অভিযোগ করেছেন বা তথ্য চেয়েছেন, তার পরিসংখ্যান নেই। তবে অক্টোবর মাসে ৫৮ জনের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবে যেসব প্রশ্ন আসে তার বেশির ভাগই কমিশনের আইনের আওতার বাইরে থাকে।

পেজটিতে আজ সোমবার দুপুর পর্যন্ত আট হাজার ২০ জন লাইক দিয়েছেন। পেজের যেকোনো আপডেট দেখতে পাচ্ছেন ১০১ জন। পেজের ওয়ালে কম মন্তব্য বা প্রশ্ন করেন ফেসবুক ব্যবহারকারীরা। তাঁরা ম্যাসেজ অপশনে গিয়ে অভিযোগ বা প্রশ্ন করেন।

ফেসবুকে অভিযোগ দিলেও তাঁদের আবার কমিশন বরাবর লিখিত অভিযোগ দিতে হয়। এ ছাড়া কমিশনের কাছে কীভাবে আবেদন করতে হবে, আইনি সহায়তা কোথায়, কার কাছে পাওয়া যাবে, তা জানিয়ে দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে।

কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনটিতে ‘সামাজিক মাধ্যমে মানবাধিকার উন্নয়ন’ শীর্ষক আলাদা একটি অনুচ্ছেদ আছে। তাতে বলা হয়েছে, কমিশনের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্যই এ নিজস্ব পেজ খোলা হয়েছে। এ পেজ খোলার আগে নয়জন নারী ও ৩৪ জন মানবাধিকারকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই পেজে যেকোনো ব্যক্তি যেকোনো বিষয়ে মতবিনিময় করতে পারবেন। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগও করতে পারবেন।

কমিশনের বার্ষিক প্রতিবেদনের আরেক জায়গায় ফেসবুকের ইতিবাচক কেসস্টাডি হিসেবে কক্সবাজারের রামু উপজেলার ঈদগর এলাকায় শিশুশ্রমের কাহিনি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দৈনিক কক্সবাজার টাইমস পত্রিকার নিজস্ব প্রতিনিধি ঈদগর এলাকায় শিশুশ্রমিকের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে বলে জানান। পরে কমিশন নিজস্ব উদ্যোগে তদন্ত করার জন্য দুই সদস্যের তদন্ত দল গঠন করে। সরেজমিনে গিয়ে আক্ষরিকভাবে শিশুশ্রমিকদের উপস্থিতি ব্যাপকভাবে খুঁজে পাননি সদস্যরা। তবে সরকারের বিভিন্ন সহায়তা বিতরণের অনিয়ম খুঁজে পান। তদন্ত প্রতিবেদনে বিভিন্ন সুপারিশও করেন সদস্যরা।